আমাকেই যদি কলঙ্কিত করেন, তাহলে বিএনপি সেখানেই কলঙ্কিত হবেন , আসুন এইসব কথা বাদ দিয়ে আগামী দিনের বিএনপির রাজনীতি সবাই মিলে সামনের দিকে নিয়ে যায় । সামনে জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচনে দল থেকে যাকে মনোনয়ন দেবে আমি তার পক্ষেই নির্বাচন করব বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব।
শনিবার (২১জুন) বিকালে উপজেলার সাহাপুর শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয় মাঠে সাহাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমি দলের সুসময়ে নয় বরং দুর্দিনে দলের দায়িত্ব পেয়েছি। আওয়ামী লীগ সরকার ও তার প্রশাসনের নানা নির্যাতন সহ্য করে দলের নানা কর্মসূচি পালন করেছি। অন্যায় ভাবে খালেদা জিয়াকে জেলখানায় আটকে রাখার প্রতিবাদ করায় আদালত অবমাননা দায়ে আমি কারাদণ্ড ভোগ করেছি। করোনাকালীন সময়সহ দলের সংকটের মুহূর্তে টকশো ও নিজের ব্যবসার টাকা দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি, মেধাবীদের ফরম ফিলাপ করিয়েছি। এখনো ভাড়া বাসা (লিফট ছাড়া) এবং ভাড়া গাড়ি ব্যবহার করে চলেছি। অথচ মাত্র ১০ মাসে অনেকের আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। তারাই আমাকে অবমূল্যায়ন করে কথা বলে। আমি তাদের বিরুদ্ধে কিছু বলতে চাই না শুধু বলবো, অন্যায় ভাবে কারো গায়ে কালিমা দিলে সেই কালিমা বেশিদিন থাকে না। ঈশ্বরদী আটঘড়িয়ার মানুষ জানে কে কিভাবে চলে। তাই অযথা দলের মধ্যে কেউ বিভ্রান্ত সৃষ্টি করবেন না। আগামী নির্বাচনে কোন ব্যক্তিকে নয়, বরং এই আসনে ধানের শীষের প্রার্থী নির্বাচিত করতে হলে ঐক্যের কোন বিকল্প নেই। বর্তমানে দেশে যেসব দল আছে তাদের মধ্যে একমাত্র বিএনপি’রই ইতিহাস ও ঐতিহ্য আছে।
স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি গোলজার হোসেন সরদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রবিউল ইসলাম সরদারের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জিয়াউল হক সন্টু সরদার, সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, সাবেক সদস্য সচিব প্রভাষক আজমল হোসেন সুজন, উপজেলা কৃষক দলের আহবায়ক পাঞ্জু সরদার, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, ইউপি সদস্য তুহিন হোসেন, যুবদল নেতা নিশান,ছাত্রদল নেতা হাসিবুল ইসলাম ইমনসহ অন্যান্যরা। এসময় সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
