“যেখানে দুর্নীতি, সেখানেই প্রতিরোধ— দুর্নীতির জাল ছিঁড়ে টুকরো টুকরো করে দেওয়া হবে”,—এমন ঘোষণা দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “যতদিন দেশের মানুষ মুক্ত না হবে, ততদিন সংগ্রাম চলবে। অতীতের জালিম হোক বা বর্তমানের শাসক, জামায়াত ইসলামী তাদের মুখোমুখি হতে প্রস্তুত।”
মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) বিকেল ৩টার দিকে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার আলহাজ টেক্সটাইল উচ্চ বিদ্যালয় মাঠে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্মরণসভাটি অনুষ্ঠিত হয় সদ্যপ্রয়াত জামায়াত কর্মী মোস্তাফিজুর রহমান কলমের স্মরণে। অনুষ্ঠানে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থকসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “জামায়াত কোনো জালিমকে ভয় করে না। আমরা ন্যায়, সত্য ও ন্যায়ের রাষ্ট্রব্যবস্থার পক্ষে। আমাদের রাজনীতি জনগণের কল্যাণে, দেশ ও ধর্ম রক্ষায়।”
তিনি বলেন, “আমরা আল-কুরআনের আলোকে দেশ পরিচালনার লক্ষ্য নিয়েই এগোচ্ছি। কুরআনের দেখানো পথই আমাদের আদর্শ। ইনশাআল্লাহ, বাংলাদেশে ইসলাম কায়েম হবে।”
দুর্নীতিকে দেশের উন্নয়নের প্রধান অন্তরায় উল্লেখ করে তিনি আরও বলেন, “আমরা দুর্নীতিমুক্ত দেশ গঠন করব। দুর্নীতিবাজের কোনও অস্তিত্ব দেশে থাকবে না। দুর্নীতির জাল ছিঁড়ে টুকরো টুকরো করে দেওয়া হবে। যারা দুর্নীতিতে লিপ্ত, তারা যতই ক্ষমতাধর হোক, তারা রক্ষা পাবে না।”
স্মরণসভায় বক্তারা মোস্তাফিজুর রহমান কলমের জীবন ও কর্মের প্রশংসা করেন। তাঁর ত্যাগ, নিষ্ঠা ও অবদানের কথা তুলে ধরে বলেন, “তাঁর মতো নিবেদিতপ্রাণ কর্মীর অবদান সংগঠনের পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে।”
সভায় আরও বক্তব্য দেন স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ, ইসলামী ছাত্রশিবির ও অন্যান্য অঙ্গ সংগঠনের প্রতিনিধিরা।
