ঢাকাশনিবার , ২৩ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে কৃষকের জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
আগস্ট ২৩, ২০২৫ ১:২৯ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদীতে দীর্ঘ ৪০ বছর ধরে আবাদকৃত জমি জবরদখলের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষক আলহাজ্ব কামরুজ্জামান সিরাজ। প্রভাবশালী মহলের হুমকি-ধামকি ও সন্ত্রাসী তৎপরতায় পরিবার-পরিজন নিয়ে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

শনিবার (২৩ আগষ্ট ) সকালে ঈশ্বরদীর পাতিলাখালী নিজ বাড়ীতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, চার দশক আগে বৈধভাবে দলিল ও রেজিস্ট্রি মূলে তিনি ও তাঁর ভাইয়েরা নারিচামোর, পাতিলাখালী ওয়াবদা ও নিউ কলোনি বস্তিপাড়া সংলগ্ন জমি ক্রয় করেন। তারপর থেকে নিয়মিত খাজনা প্রদান করে জমি ভোগদখল ও আবাদ করে আসছেন।

অভিযোগ করে তিনি বলেন, বিক্রেতাদের উত্তরসূরি ঈশ্বরদী ঈদগাহ রোডস্থ শাজাহান প্রামানিক এর ছেলে সজিব প্রাং, রাজিব প্রাং, মোজাহার আলী দুদুর ছেলে সেলিম প্রাং, হোসেন প্রাং এর ছেলে জিন্নাহ, জিন্নাহর মেয়ে জেবা, রাজ্জাকের পুত্র লিখন, রুবেল, দুখু ও বর্তমানে স্থানীয় ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে ওই জমি দখলের চেষ্টা চালাচ্ছে। এ সময় ফসল নষ্ট করা হচ্ছে এবং প্রতিবাদ করায় ২০-২৫ জন সন্ত্রাসী মোটরসাইকেলযোগে তাঁর বাড়িতে গিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছে।

ভুক্তভোগী কৃষক আরও জানান, এ ঘটনায় তিনি একাধিক মামলা ও থানায় এজাহার দায়ের করেছেন। এর মধ্যে রয়েছে ১০৭ ধারা মামলা, ১৪৪ ধারা মামলা, দ্রুত বিচার আইন মামলা ও ভূমি অপরাধ প্রতিরোধ আইন মামলা। তবে থানায় অভিযোগ করেও এখনও কার্যকর কোনো ব্যবস্থা পাননি বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা কৃষক মানুষ, জমিই আমাদের জীবিকা। অথচ এখন দখল ও হুমকির কারণে পরিবার নিয়ে ভয়-ভীতির মধ্যে দিন কাটাচ্ছি।”

তিনি প্রশাসন ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এবং গণমাধ্যমে বিষয়টি তুলে ধরার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,  ভুক্তভোগী পরিবারের  বিল্লাল শেখ,  মফিজ উদ্দিন প্রামানিক,  শাহজাহান আলী প্রামানিক,  ওয়াসিম খান,  শোভা খান,  জনাব আলী,  বাদশা খান, মোস্তাক আলী,  শহীদ মন্ডল,  মান্নান শেখ, কিরন খান, আলহাজ্ব আসাদুজ্জামান খান,  মাজেদা বেগম,  চামেলী বেগম,  মরিয়ম বেগম, মলিনা বেগম, সুফিয়া বেগম, জাহানারা বেগম,  মদিনা বেগম,  রেখা খাতুন,  ফরিদা খাতুন,  ভাবনা খাতুন,  মিতু বিশ্বাস,  ফারহানা বিশ্বাস,  অরিন বিশ্বাস  প্রমুখ।

 

 

 

 


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!