পাবনার ঈশ্বরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য উৎপাদন এবং অনুমোদন ছাড়াই পশুখাদ্য উৎপাদনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাশের নেতৃত্বে উপজেলার দাশুড়িয়া রেলগেট এলাকায় ঢাকা কিং বেকারিতে অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অপরিচ্ছন্ন পরিবেশ, সঠিক লেবেলবিহীন উপকরণ সংরক্ষণ এবং ফুড কালার ও ফ্লেভার ব্যবহারের অভিযোগে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বেকারিটি সিলগালা এবং উৎপাদিত পণ্য ধ্বংস করা হয়।
এর আগে মুলাডুলি গোডাউনপাড়া এলাকায় অনুমোদনহীন বিসমিল্লাহ এগ্রো ফিড কারখানায় অভিযান চালিয়ে মালিক বিপ্লব হোসেনকে ২০১০ সালের মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে এন্টিবায়োটিক মিশ্রিত পশুখাদ্য উৎপাদনের প্রমাণ মেলে।
অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন ও ভেটেরিনারি সার্জন ডা. ফারুক হোসেন উপস্থিত ছিলেন।
