ঢাকারবিবার , ১৩ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পাবনা-ঢাকা সরাসরি এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে পাবনাবাসীর মানববন্ধন

জুবায়ের খান প্রিন্স, পাবনা:
জুলাই ১৩, ২০২৫ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনা থেকে ঢাকায় সরাসরি এক্সপ্রেস ট্রেন চালু, ঈশ্বরদী বিমানবন্দর চালু, শহরে চার লেন সড়ক নির্মাণ এবং আরিচা-কাজিরহাট ফেরিঘাট খয়েরচরে স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে শেকড় পাবনা ফাউন্ডেশন। রোববার (১৩ জুলাই) সকাল ১১টা থেকে শহরের আব্দুল হামিদ সড়কে শহীদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে পাবনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, “পাবনার রাজনৈতিক নেতাদের উদাসীনতা ও ব্যর্থতার কারণে জনগণকে আজ রাস্তায় নামতে হচ্ছে। জনগণের প্রাণের দাবি—পাবনা-ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস—যেকোনো মূল্যে বাস্তবায়ন করতে হবে। তা না হলে সংশ্লিষ্টদের চরম মূল্য দিতে হবে।”

তারা বলেন, বর্তমানে পাবনা থেকে মাঝপাড়া পর্যন্ত অকার্যকর রেললাইন চালু রয়েছে। সেটিকে কার্যকর করে দ্রুত পাবনা-ঢাকা এক্সপ্রেস ট্রেন সার্ভিস চালু করা হোক। এছাড়া আরিচা-কাজিরহাট ফেরিঘাট খয়েরচরে স্থানান্তর করা হলে, দুই ঘণ্টার পথ ১৫ মিনিটে পার হওয়া সম্ভব হবে।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, রূপপুর পারমাণবিক প্রকল্প ও ঈশ্বরদী ইপিজেডের মতো কৌশলগত কারণে ঈশ্বরদী বিমানবন্দর পুনরায় চালু করা অত্যন্ত জরুরি। পাবনা শহরের যানজট নিরসনে চার লেন সড়ক নির্মাণ সময়ের দাবি।

পাবনাবাসীর আরেকটি বহু প্রতীক্ষিত দাবি হলো—নগরবাড়ি-আরিচা হয়ে দ্বিতীয় যমুনা সেতুর বাস্তবায়ন। বক্তারা বলেন, “এই সেতু নির্মাণ হলে দেশের পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ সহজ হবে এবং এই অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নও তরান্বিত হবে।”

ইছামতী নদী খনন কার্যক্রমের দ্রুত বাস্তবায়নে বাধাদানকারী মামলাগুলো প্রত্যাহারের দাবি জানান তারা। নদী উদ্ধার হলে জনস্বাস্থ্য ও পরিবেশের উন্নয়ন ঘটবে বলে জানান বক্তারা।

পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল আধুনিকায়ন, পাবনা মানসিক হাসপাতালের সংস্কার, শহীদ শিক্ষার্থী হত্যাকাণ্ডের বিচার দাবি করেন বক্তারা। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এখনো শহীদ দুই শিক্ষার্থীর হত্যাকারীরা গ্রেপ্তার হয়নি। অবিলম্বে তাদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে।”

মানববন্ধনে সভাপতিত্ব করেন শেকড় পাবনা ফাউন্ডেশনের সভাপতি খান হাবিব মোস্তফা এবং সঞ্চালনায় ছিলেন আতাইকুলা ডিগ্রি কলেজের প্রভাষক রাজু ইসলাম ওলি।

বক্তব্য দেন—পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর প্রিন্সিপাল হাফেজ মাওলানা মো. ইকবাল হোসাইন, পাবনা প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, পৌর জামায়াতের আমীর আব্দুল লতিফ, দেশবরেণ্য শিল্পী ওবায়দুল্লাহ তারেক, সাইদুল ইসলাম, কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মাহফুজুর রহমান, আলিয়া মাদ্রাসার শিক্ষক আব্দুল আলিম, অ্যাডভোকেট রানা, রোটারিয়ান বিনয় জ্যোতি কুন্ডু, সমন্বয়ক শাওন হোসাইন, আইডিয়াল গ্রুপের পরিচালক সিরাজুল ইসলামসহ অনেকেই।

এছাড়াও পাবনার বিভিন্ন স্কুল-কলেজ ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও মানববন্ধনে অংশগ্রহণ করেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!