ঢাকাসোমবার , ২১ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে অস্ত্র, মাদকসহ গ্রেপ্তার ৪

জুবায়ের খান প্রিন্স, পাবনা:
এপ্রিল ২১, ২০২৫ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক তিনটি অভিযানে অস্ত্র, গুলি, বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি শর্টগান, ৬২ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, ৪ হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

২১ এপ্রিল, ২০২৫ তারিখ সোমবার ভোররাত ১২টা ৪৫ মিনিটে ডিবি পুলিশের একটি দল পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের কাশিপুর বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি মো. জাহিদ হাসান রানাকে (৩৩) গ্রেপ্তার করা হয়। তিনি পাবনা সদর উপজেলার দোহারপাড়া এলাকার বাসিন্দা।

একই দিন সকাল ১১টায় হেমায়েতপুর মালিথা পাড়ার একটি টিনশেড ঘরে অভিযান চালিয়ে ডিবি পুলিশ দুটি আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করে। তারা হলেন—মো. সাজ্জাদ হোসেন (২৬) এবং মো. আব্দুল রানা (৪৯)। অভিযানে একটি সচল ৭.৬৫ বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১৩ রাউন্ড গুলি, ২২ বোরের ৪৯ রাউন্ড তাজা গুলি, ৪ হাজার পিস ইয়াবা ও ৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এছাড়া দুপুর ১টা ১০ মিনিটে গয়েশপুর ইউনিয়নের মোহরপুর গ্রামে আরেকটি অভিযানে মো. রাসেল হোসেনকে (৪৫) গ্রেপ্তার করা হয়। তার বসতঘরের খাটের নিচে লুকিয়ে রাখা একটি তুরস্কের তৈরি ১২ বোর শর্টগান এবং ৫ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়।

অভিযানগুলো পরিচালিত হয় পাবনার পুলিশ সুপার মো. মোরতোজা আলী খানের সার্বিক দিকনির্দেশনা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান মণ্ডলের তত্ত্বাবধানে। অভিযানে নেতৃত্ব দেন ডিবির অফিসার ইনচার্জ মো. হাসান বাসির।

গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে পাবনা সদর থানায় পৃথক পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!