পাবনার পাকশীতে ভাই বোন সাংস্কৃতিক ও নাট্যগোষ্ঠীর সভাপতি সজীব শেখ ও প্রচার সম্পাদক জিয়ারুল মালিথার বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন ক্লাবটির অন্যান্য সদস্যরা।
বুধবার (১৬ জুলাই) দুপুরে সংগঠনের কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিডিএম (ইউগ) পরিচালক শুভ হোসেন ও সংগঠনের পরিচালক অপূর্ব। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সভাপতি সজীব শেখ ও প্রচার সম্পাদক জিয়ারুল মালিথা সংগঠনের আর্থিক লেনদেনের কোনও হিসাব দিচ্ছেন না।
সংগঠনের গচ্ছিত সাড়ে সাত হাজার টাকা আত্মসাৎ, শিক্ষার্থীদের (নারী ও পুরুষ) সঙ্গে অশালীন আচরণ, মেয়েদের প্রতি অশ্লীল প্রস্তাব ও টাকার বিনিময়ে অনৈতিক কর্মকাণ্ডের প্রস্তাব দেওয়ার মতো গুরুতর অভিযোগ তাদের বিরুদ্ধে উত্থাপন করেন বক্তারা।
অভিযোগ পাওয়া গেলে জরুরি সভা ডেকে উভয়কে তলব করা হয়, কিন্তু তারা ওই সভায় উপস্থিত হননি। পরবর্তীতে, সংগঠনের নামে সংবাদ সম্মেলন করে মিথ্যা ও ভিত্তিহীন অপবাদ ছড়ানোর অভিযোগও আনেন তারা।
অপূর্ব ও শুভ হোসেন দাবি করেন, সজীব ও জিয়ারুল সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে ইচ্ছাকৃতভাবে অপপ্রচার চালাচ্ছেন এবং ভয়ভীতি প্রদর্শন করে বলেছেন “সংগঠন কীভাবে চলবে তা দেখে নেবেন”।
সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে সজীব শেখ ও জিয়ারুল মালিথার বিরুদ্ধে উত্থাপিত সকল অভিযোগের সুষ্ঠু তদন্ত ও সাংস্কৃতিক অঙ্গনকে কলঙ্কমুক্ত রাখার আহ্বান জানানো হয়।
তারা বলেন, বিভিন্ন সংবাদমাধ্যমে গত মঙ্গলবার ও বুধবার যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তা মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা এই অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
