ঈশ্বরদীতে বাংলাদেশ বিমানবাহিনীর চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভনে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎকারী একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ।
এসময় তাদের কাছ থেকে মোবাইল সদৃশ ৩টি ওয়াকিটকি সেট এবং বাংলাদেশ বিমানবাহিনীর ভুয়া পরিচয়পত্র জব্দ করা হয়।
ভুক্তভোগী জাবেদ খান (৫৬), পিতা মৃত মহিউদ্দিন খান, সাকিন ফতেমাহাম্মদপুর, ড্রাইভারপাড়া, ঈশ্বরদী থানাধীন এলাকাবাসী জানান, তার দুই ছেলেকে ড্রোন গার্ড পদে বিমানবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারকচক্র নগদ প্রায় ৬ লাখ ৪০ হাজার টাকা গ্রহণ করে। পরবর্তীতে আরও ভুয়া ভেরিফিকেশন ও ট্রেনিংয়ের নামে ১ লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নেয়। এমনকি ‘চাকরি নিশ্চিত’ দাবিতে বিমানবাহিনীর রেশন সামগ্রী হিসেবে ২৫ কেজির চাল, ৫ লিটারের তেল, চিনি, ডাল ও আটা সরবরাহ করে প্রতারকরা।
প্রতারকদের একজন নাদিম (৩৬), অপর দুজন আল আমিন (১৭) ও শিহাব হোসেন (১৯)। তারা সকলেই ঈশ্বরদীর নিউ কলোনি এলাকার বাসিন্দা। এ চক্রটি দীর্ঘদিন ধরে বেকার যুবকদের বিমানবাহিনীতে চাকরি দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে আসছিল।
জাবেদ খান বিষয়টি নিয়ে সন্দেহ হলে ঈশ্বরদী থানায় অভিযোগ দায়ের করেন। তার এজাহারের ভিত্তিতে ২১ মে ২০২৫ খ্রিঃ তারিখে ঈশ্বরদী থানায় একটি প্রতারণা মামলা দায়ের করা হয় (মামলা নং-২৮, ধারা-১৭০/১৭১/৪০৬/৪২০/৩৪ পেনাল কোড)।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহীদ জানান, পুলিশ সুপার পাবনা মহোদয়ের দিকনির্দেশনা ও অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) এর তত্ত্বাবধানে চৌকস পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে ভুয়া ওয়াকিটকি ও বিমানবাহিনীর পরিচয়পত্র উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আটক তিনজন একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য, যারা চাকরির প্রলোভনে সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে এ ধরনের প্রতারণা করে আসছিল।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
