নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর বিরুদ্ধে নানা অনিয়ম, স্বজনপ্রীতি ও দূর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন করায় চাকুরী খোয়াতে হলো ১৮ জন কর্মকর্তা-কর্মচারীকে।
নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) এর ০৮ মে ২০২৫ ইং তারিখে স্মরক নং ৩৯.১০.০০০০. ১০২.২৭.০০১.১৯-৪৭১ তে ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৮ জন কর্মকর্তা-কর্মচারীকে রপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে নির্মাণ প্রকল্প এলাকা ও গ্রীণসিটিতে প্রবেশ চিঠি ইস্যুর ৭২ ঘন্টা পর হইতে বন্ধের নিদের্শ দেওয়া হয়েছে।
প্রবেশে নিষেধাজ্ঞা প্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীগণ হলেন, ডেপুটি সুপারিনটেনডেন্ট হাসমত আলী (প্রধান কার্যালয়), উর্দ্বতন সহকারী ব্যবস্থাপক শহিদুল ইসলাম, আবু রায়হান, রফিকুল হাসান, আয়নাল হোসেন, নাঈম আল সাকিব, আবু সাঈদ, এ কে এম আব্দুল আল আমিন, শাহ ইখতিয়ার আলম, ইব্রাহিম খলিলুল্লাহ, সহকারী ব্যবস্থাপক আব্দুল আল নোমান, আসিফ খান, মুহাম্মদ ইমামুল আরেফিন, ইকরাম, রুহুল আমিন, উপ-সহকারী ব্যবস্থাপক ইসমাইল হোসেন, রুবেল হোসেন এবং টেকনিশিয়ান ফিরোজ আহমেদ।
ভুক্তভোগী কর্মকর্তাদের মধ্যে উপ-সহকারী ব্যবস্থাপক রুবেল হোসেন জানান, এমডি ড. জাহেদুল হাছান রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র ধ্বংসের নানা ষড়যন্ত্রে লিপ্ত। তার নানা অনিয়ম, স্বজনপ্রীতি ও দূর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন করায় আমাদেরকে চাকুরীচ্যুত করা হয়েছে।
এ বিষয়ে জানতে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর মুঠো ফোনে কল করলে তিনি ফোন রিসিভ করেন নাই।
প্রসঙ্গত: গত মঙ্গলবার (৬ মে ২০২৫) বিকেল ৫ ঘটিকায় ঈশ্বরদী উপজেলা গেট এলাকায় একটি অভিজাত রেস্টুরেন্টে এনপিসিবিএল এর এমডি ড. জাহেদুল হাছান এর বিরুদ্ধে চরম অদক্ষতা, প্রশাসনিক স্বেচ্ছাচারিতা, প্রাতিষ্ঠানিক স্বৈরতন্ত্র, দুর্নীতি এবং অনিয়ম-অব্যবস্থাপনা অভিযোগে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা।
