ঢাকায় জামায়াতে ইসলামীর সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে মোস্তাফিজুর রহমান কলম বিশ্বাস (৫০) নামে এক জামায়াত কর্মীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে গাজীপুরের চান্দুরা এলাকায় চলন্ত বাসে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কলম বিশ্বাস পাবনার ঈশ্বরদী উপজেলার চরমিরকামারী গ্রামের বাসিন্দা এবং মাহবুব বিশ্বাসের ছেলে।
জানা গেছে, শুক্রবার রাত ১১টার দিকে ঈশ্বরদী থেকে বাসযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন কলম বিশ্বাস। যমুনা সেতু পার হওয়ার পর তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করেন। এসময় বাসেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে চান্দুরা এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে। দ্রুত একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পাবনা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য গোলাম রব্বানী খান জুবায়ের জাগো নিউজকে জানান, মোস্তাফিজুর রহমান কলম বিশ্বাস একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। সমাবেশে অংশ নিতে যাওয়ার পথে তার মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনার।
