বিএনপি ক্ষমতায় এলে দেশের সব ধর্মীয় উপাসনালয়ের ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সরকারি সম্মানি ভাতা চালুর অঙ্গীকার করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও পাবনা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
তিনি জানান, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড, শিক্ষা কার্ড এবং দেশে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির রোডম্যাপ ইতোমধ্যেই চূড়ান্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
“তারুণ্যই আগামী বাংলাদেশের মূল শক্তি,” উল্লেখ করে শিমুল বিশ্বাস বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিটি জবাব তরুণরা ভোটের মাধ্যমে দেবে।
মঙ্গলবার ((৯ডিসেম্বর) পাবনা সুজানগরে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত তারুণ্যের সমাবেশ “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক” শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের প্রথম পর্বে অনুষ্ঠিত হয় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল।
অনুষ্ঠান উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. হাবিবুর রহমান হাবিব।
বিশেষ অতিথি ছিলেন—এ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব, আব্দুস সামাদ খান মন্টু, আনিসুল হক বাবু, নূর মোহাম্মদ মাসুম বগা, মাহমুদুন্নবী স্বপন, মো. জহুরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দ জামিল মুরসালিন ও রাসেল মোল্লা, জেলা ছাত্রদল সভাপতি আমিনুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান সুইট।
বিভিন্ন ইউনিটের বিএনপি, যুবদল , স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল নেতাকর্মীদের উপস্থিতিতে এলাকা ছিল জনসমুদ্র।
