ঢাকাবুধবার , ১৭ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে খালেদা জিয়ার রোগমুক্তি ও শহীদ মুক্তিযোদ্ধাদের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা

হাবিবুর রহমান, সম্পাদক ও প্রকাশক
ডিসেম্বর ১৭, ২০২৫ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদীতে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে ঈশ্বরদী রেলওয়ে জংশন পৌর মুক্তমঞ্চ প্রাঙ্গণে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী–আটঘরিয়া অঞ্চলের গণমানুষের নেতা, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকারিয়া পিন্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দীন আহমেদ মালিথা এবং আটঘরিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও মাঝপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ খান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঈশ্বরদী পৌর বিএনপির আহ্বায়ক এস এম ফজলুর রহমান খান।

দোয়া ও আলোচনা সভায় ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতাকর্মী ও নারী কর্মী অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে যারা জীবন বাজি রেখে দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছেন, আজ তাঁদের অবমাননা করা হচ্ছে। স্বাধীনতাবিরোধী চক্র যে অপতৎপরতা চালাচ্ছে, তা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তাঁরা আরও বলেন, এ আসনে প্রার্থী পরিবর্তন না হলে জেলার এই গুরুত্বপূর্ণ আসন উদ্ধার করা কঠিন হবে। তাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নীতিনির্ধারকদের কাছে তৃণমূলের নেতাকর্মীদের চাওয়া-পাওয়ার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!