পাবনার ঈশ্বরদীতে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় সোহানুর রহমান রাফি(৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার(২০ জানুয়ারি) বিকেল তিনটার দিকে ঈশ্বরদী- পাবনা মহাসড়কের কালিকাপুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত রাফি উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের আজমপুর গ্রামের আয়তাল হোসেনের ছেলে এবং কালিকাপুর বাজারের ধানসিড়ি কিন্টার গার্টেনের প্লে শ্রেণির ছাত্র।
পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ নান্নু খান জানান, কালিকাপুর বাজারের পাশে এক বাড়িতে প্রাইভেট পড়া শেষ করে রাস্তার পাশে এসে দাঁড়ায় রাফি। সেখানে তার বাবার জন্য অপেক্ষা করার এক পর্যায়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে রাস্তা পার হচ্ছিল সে। এসময় পাবনার দিক থেকে দাশুড়িয়া মুখি একটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই রাফির মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘাতক ট্রাক ও চালককে আটক করে রাখে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে এবং ট্রাক ও এর চালককে হেফাজতে নিয়েছে। সুরতহাল শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
