পাবনার ঈশ্বরদীতে ইট ভাটায় মাটি সর্বরাহের জন্য জমির মাটি কাটা নিয়ে বিরোধের জেরে সংঘটিত চাঞ্চল্যকর বিএনপি নেতা বিরু মোল্লা হত্যাকাণ্ডের প্রধান আসামি মো. জহুরুল মোল্লা (৫২) কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব)।
নিহত বিরু মোল্লা ঈশ্বরদী উপজেলার লক্ষিকুন্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিলেন। র্যাব সূত্রে জানা যায়, সোমবার (২২ ডিসেম্বর) ভোরে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রঘুনাথপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মামলার মূলহোতা জহুরুল মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
গত ১৭ ডিসেম্বর সকালে ঈশ্বরদী উপজেলার লক্ষিকুন্ডা ইউনিয়নের কামালপুর মোল্লাপাড়া এলাকায় জমির মাটি কাটা নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রকাশ্য দিবালোকে বিরু মোল্লা (৬৫) কে গুলি করে হত্যা করা হয়। নিহত বিরু মোল্লা ও গ্রেপ্তার জহুরুল মোল্লা সম্পর্কে আপন চাচাতো ভাই।
এ ঘটনায় নিহতের ছেলে মো. রাজিব আহম্মেদ (৩১) বাদী হয়ে চারজনকে আসামি করে ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি থানায় নথিভুক্ত হয় মামলা নম্বর-২৫, তারিখ ১৮ ডিসেম্বর ২০২৫।
ঘটনার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে তৎপরতা শুরু করে র্যাব । এরই ধারাবাহিকতায় র্যাব -১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ (এটিসি), র্যাব -১২ সিপিসি-১ কুষ্টিয়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার, র্যাব -১২ সিপিএসসি বগুড়ার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান (এস), বিএন এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. মমিনুর রহমানের যৌথ অভিযানের একপর্যায়ে সিরাজগঞ্জ জেলার রঘুনাথপুর এলাকা থেকে মামলার মূলহোতা জহুরুল মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্র জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হবে।
গ্রেফতার জহুরুল মোল্লাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে কিনা তা জানার জন্য ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান ব্যবহৃত মুঠোফোন ০১৩২০১২৮৬১২ নম্বরে বাববার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।
