পাবনার ঈশ্বরদীতে যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসটি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর থেকেই মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুলে ফুলে ভরে উঠেছে ঈশ্বরদী আলহাজ্ব মোড়স্থ স্মৃতিস্তম্ভ। ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপ ধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুর রহমানের নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ও অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমারের নেতৃত্বে পুলিশ সদস্যরা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মমিন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিনসহ, উপজেলা ও পৌর বিএনপি’র নেতৃবৃন্দ এবং বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী শাখা, সামাজিক সংস্কৃতি সংগঠন, সরকারি-বেসরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
