পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৯ হাজার ২৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের দর্পণের সম্পাদক ও প্রকাশক, দোয়াত কলম মার্কার প্রার্থী এস এম নুরে আলম সিদ্দিকী শাহীন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আলী সিকদার পেয়েছেন ১৮ হাজার ৮৪৮ ভোট।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে এ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ আলীমুদ্দিন।
এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শেখ মোস্তাফিজুর রহমান। তিনি পেয়েছেন ১৪ হাজার ৬০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চঞ্চল কান্তি বিশ্বাস পেয়েছেন ১২ হাজার ৮৪৭ ভোট।
অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলো সিকদার। তিনি পেয়েছেন ২৯ হাজার ৮১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মারুফা খানম পেয়েছেন ১৪ হাজার ৬৫৬ ভোট।
এছাড়া পিরোজপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে এস এম বাইজিদ হোসেন দোয়াত-কলম প্রতীক নিয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এস এম বাইজিদ হোসেন সাবেক ছাত্রলীগ নেতা ও সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক ভিপি ছিলেন।
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা পরিষদ নির্বাচনে জিয়াউল আহসান গাজী আনারস প্রতীক নিয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তিনি পিরোজপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক।
