ঢাকাশুক্রবার , ২৮ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাবনায় ১১০ মসজিদে দোয়া

জুবায়ের খান প্রিন্স, পাবনা :
নভেম্বর ২৮, ২০২৫ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় পাবনা জেলায় এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন দলের চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস।

বার্ধক্যজনিত জটিলতা ও দীর্ঘদিনের অসুস্থতায় হাসপাতালে চিকিৎসাধীন বেগম জিয়ার আরোগ্য কামনা করে জেলার বিভিন্ন স্থানে শুক্রবার বাদ জুমআ একযোগে ১১০টি মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বিভিন্ন মসজিদে ইমামদের পরিচালনায় অনুষ্ঠিত এসব মাহফিলে হাজারো মুসল্লি অংশ নেন এবং বেগম জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবনের জন্য দোয়া করেন।

এ সময় শিমুল বিশ্বাস বলেন, “বেগম খালেদা জিয়া আজ বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের প্রতীক। তাঁর সুস্থতা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার সঙ্গে সম্পৃক্ত। তাই জনগণের ভালোবাসা ও দোয়া তাঁর জন্য অত্যন্ত প্রয়োজন।”

দোয়া মাহফিল ছাড়াও মানবিক উদ্যোগের অংশ হিসেবে পাবনা জেলার তিনটি হাফেজিয়া ও কওমি মাদ্রাসায় কুরআনের হাফেজ ও ছাত্রদের জন্য ৩টি ছাগল সাদকা করা হয়। মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিক্ষকরা শিমুল বিশ্বাসের এই উদ্যোগকে মানবিক ও সমাজমুখী পদক্ষেপ হিসেবে মূল্যায়ন করেন।

শিমুল বিশ্বাস আরও বলেন, “মাদ্রাসার ছাত্ররা দেশের মেধা, আধ্যাত্মিক শক্তি ও নৈতিকতার বাহন। তাদের জন্য সাদকা ও দোয়া আমাদের সামাজিক দায়িত্ব।”

স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ শিমুল বিশ্বাসের এই উদ্যোগকে বিএনপির মানবিক রাজনীতির উদাহরণ হিসেবে উল্লেখ করেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!