বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও এবি ট্রাস্টের চেয়ারম্যান এডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, “গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করাই বিএনপির মুল লক্ষ্য। এই লক্ষ্যে দলটি গত ১৬ বছর ধরে রাজপথে আন্দোলন করে যাচ্ছে।” তিনি আরও বলেন, “জনগণ যাতে তাদের ন্যায্য অধিকার ফিরে পায়, সে জন্য বিএনপিকে আগামী নির্বাচনে জনরায়ের মাধ্যমে সরকার গঠন করতে হবে।”
৯ জুন (সোমবার), ঈদের তৃতীয় দিন সকালে এবি ট্রাস্ট ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে হাজারো নেতাকর্মীর উদ্দেশে এ বক্তব্য দেন তিনি।

শিমুল বিশ্বাস বলেন, “বিগত স্বৈরাচারী সরকারের শাসন দেশবাসী প্রত্যক্ষ করেছে। হাজার হাজার নেতা-কর্মীকে আজ পলাতক জীবন যাপন করতে হচ্ছে। এটাই তাদের দীর্ঘ ১৬ বছরের অপকর্মের ফল। আপনারা শিক্ষা নিন, যেন আপনাদের কর্মফল কখনো দুঃশ্চিন্তার কারণ না হয়।”
তিনি বলেন, “বিএনপি অন্যায়ের প্রশ্রয় দেয় না। কোনো ব্যক্তির অপরাধের দায় দল বহন করবে না। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা অঙ্গীকার করেছি, সরকার গঠন করতে পারলে এক বছরের মধ্যে এক কোটি ৩০ লাখ বেকারের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। এই লক্ষ্য পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
“আপনারা যেমন দুর্দিনে দলের পাশে ছিলেন, তেমনি আগামী নির্বাচনেও রাজপথে থাকুন। যাতে করে এই ফ্যাসিবাদী সরকার আবার ক্ষমতায় আসতে না পারে, এমনকি কেউ চিন্তাও না করতে পারে,” বলেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—পাবনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মান্নান মাস্টার,
সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ রেহানুল ইসলাম বুলাল,
জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোঃ জহুরুল ইসলাম,
সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক মোঃ মোকাদ্দেস আলী মানু,
এ্যাড. মির্জা আজিজুর রহমান, সাবেক আহ্বায়ক, পাবনা জেলা বিএনপি,
এ.কে.এম মুসা, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শহীদুল ইসলাম লালু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন—ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল, মৎস্যজীবী দল, মহিলাদল, তাঁতীদল, জিয়া পরিষদ, শ্রমিক দলসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথি ও নেতা-কর্মীদের মিষ্টিমুখ করানো হয়। পরিশেষে পাবনায় রাজনৈতিক সৌহার্দ্য ও ঐক্যের ঐতিহ্য গড়তে একটি বৃহৎ মেজবানের আয়োজনের ঘোষণা দেন আয়োজকেরা। এ লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশ প্রদান করা হয়।
