নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে নির্বাচনকে ঘিরে সংখ্যালঘু ও বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভোটকেন্দ্রে যেতে হুমকি ও ভয়ভীতি দেখানো সহ নানা অভিযোগ তুলেছেন স্বতন্ত্র (বিএনপি’র বিদ্রোহী) প্রার্থী তাইফুল ইসলাম টিপু।
শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) লালপুরের ওয়ালিয়ায় বাজারে কলস প্রতীকের নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তাইফুল ইসলাম টিপু বলেন, একটি পক্ষ পরিকল্পিতভাবে নির্বাচনকে প্রভাবিত করার জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের ভয় দেখাচ্ছে। তাদের ভোটকেন্দ্রে না যেতে চাপ দেওয়া হচ্ছে এবং বিভিন্নভাবে আতঙ্ক ছড়ানো হচ্ছে।
তিনি অভিযোগ করে বলেন, “নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সংখ্যালঘু ভোটারদের টার্গেট করে হুমকি দেওয়া হচ্ছে। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই, কিন্তু কিছু গোষ্ঠী সহিংসতা ও ভয়ভীতি দিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে।”
লালপুরের কচুয়ায় শুক্রবারের সংঘর্ষের প্রসঙ্গ টেনে স্বতন্ত্র প্রার্থী টিপু দাবি করেন, তাঁর শান্তিপূর্ণ নির্বাচনী কার্যক্রমে বারবার বাধা দেওয়া হচ্ছে। তাঁর সমর্থকদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়ে সংঘর্ষের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। তিনি বলেন পরিকল্পিতভাবে হামলা চালিয়ে আমার ১৩জন নেতাকর্মীকে পিটিয়ে আহত করা হয়েছে। এ সময় তিনি প্রতিপক্ষের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আতঙ্ক সৃষ্টির অভিযোগ তোলে বলেন ঘটনার রাতে খলিল নামের তার একজন নিরীহ কর্মীকে আটক করা হয়েছে ।
সংবাদ সম্মেলনে তিনি প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সংখ্যালঘু ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করে সহিংসতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
টিপু আরও বলেন, “আমরা সংঘাত নয়, ভোটের মাধ্যমে জনগণের রায় চাই। প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করলে এই আসনে একটি শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব।” সে ক্ষেত্রে আমরাই বিজয়ী হব ইনশাল্লাহ্।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গোপালপুর পৌরসভার সাবেক মেয়র মনজুরুল ইসলাম বিমল, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান, ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম, সরকার, গোপালপুর পৌর বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ এস এম জাহাঙ্গীর হোসেন মানিক, পৌরসভার সাবেক মেয়র শরিফুল ইসলাম লেনিন সহ তাঁর নির্বাচনী সমর্থক ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।।
