পনের বছরের সেবাযাত্রায় মানবিক কর্মকাণ্ডের আরেকটি অনন্য সংযোজন
সামাজিক সচেতনতা ও অনুপ্রেরণামূলক মানবিক সংগঠন ‘তারুণ্যের অগ্রযাত্রা ফাউন্ডেশন বাংলাদেশ’-এর উদ্যোগে সোমবার (১১ আগস্ট) পাবনা শহরে অনুষ্ঠিত হলো ফলজ ও ঔষধি গাছ বিতরণ ও রোপণ কর্মসূচি।
সংগঠনের পনের বছরের দেশব্যাপী মানবিক ও সামাজিক সেবাযাত্রার ধারাবাহিকতায় এ আয়োজনটি রূপ নেয় এক প্রাণবন্ত সবুজ উৎসবে।

সকাল ১০টায় শহরের লাইব্রেরি বাজার আরবাব হাফিজিয়া মাদ্রাসার সামনে মাদ্রাসার ছাত্র-ছাত্রী, শিক্ষক, পথচারী ও রিকশাশ্রমিকদের মাঝে শতাধিক উন্নতমানের আম, জাম, লিচু, পেয়ারা, নিমসহ বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়।
পরবর্তীতে সংগঠনের সদস্যরা সড়কের পাশে বেশ কিছু গাছ নিজ হাতে রোপণ করেন, যা উপস্থিত সবার মাঝে পরিবেশবান্ধব উদ্যোগের বার্তা ছড়িয়ে দেয়।
এতো বড় ও উন্নতমানের গাছ পেয়ে উপহারগ্রহণকারীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আয়োজকদের এ উদ্যোগকে প্রশংসায় ভরিয়ে দেন।
কর্মসূচি পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক সাংবাদিক জুবায়ের খান প্রিন্স এবং জেলা শাখার সভাপতি আয়েশা ইরা।
অর্থায়ন করেন আমেরিকান প্রবাসী ফজিল্লাতুন্নেসা নাহার ও আমিনুর রহমান।
দিনব্যাপী এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন পাবনা জেলা শাখার সদস্য আকাশ খান, আসাদ খান, খন্দকার মুন্না, ওমর ফারুক মানিক, সামির প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ, যারা সরাসরি পুরো কার্যক্রম প্রত্যক্ষ করেন।
উদ্যোক্তা ও সংগঠক জুবায়ের খান প্রিন্স বলেন,
“শুধু বৃক্ষরোপণ নয়, আমরা মানুষের মনে সচেতনতার বীজ বপন করতে চাই। মানবিক সহায়তা, সামাজিক উদ্যোগ ও অনুপ্রেরণামূলক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা গত ১৫ বছর ধরে দেশজুড়ে মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ।”
পরিবেশবিদদের মতে, বর্তমান জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে এ ধরনের উদ্যোগ শুধু পরিবেশ রক্ষায় নয়, বরং জনসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
‘তারুণ্যের অগ্রযাত্রা ফাউন্ডেশন বাংলাদেশ’-এর এই ধারাবাহিক প্রচেষ্টা আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও সুস্থ পৃথিবী গড়তে সহায়ক হবে বলেই তারা বিশ্বাস করেন।
