পাবনার সদর উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এর অভিযানে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
বিশেষ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব জানায়, মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটে র্যাব-১২, সিপিসি-২ পাবনার একটি আভিযানিক দল পাবনা সদর থানাধীন চর শিবরামপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ মেহেদি হাসান মামুন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী চর শিবরামপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম কামাল প্রামাণিক।
অভিযানকালে আসামীর হেফাজত থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড কার্তুজ, একটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড উদ্ধার করা হয়।
বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সিরাজগঞ্জস্থ র্যাব-১২ এর অধিনায়কের নির্দেশনায় এবং সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান (এস), বিএন-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং অবৈধ অস্ত্র ও সন্ত্রাস দমনে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ।
