পাবনা দারুল আমান ট্রাস্ট আয়োজিত দুই দিনব্যাপী জালসায় শরবত বিক্রি করাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম সুজন মোল্লা (৩০)। তিনি সাঁথিয়া উপজেলার পিপুলিয়া গ্রামের বাসিন্দা এবং সাইফুল মোল্লার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শরবতের দোকান বসানো নিয়ে বিরোধের জেরে পাবনা সদর উপজেলার মহেন্দ্রপুর গ্রামের শরীফ ওরফে সুদে শরীফের ছেলে সোহান ইসলাম(১৯) সুজন মোল্লাকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে নেয় এবং অবস্থার অবনতি হলে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৯ টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে তার লাশ গ্রামের বাড়ি সাঁথিয়ায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় পাবনা সদর থানায় মৌখিক অভিযোগে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত একজনকে আটক করা হয়।
সদর থানার অফিসার ইনচার্জ মোঃ দুলাল হোসেন জানায়, মামলার প্রধান আসামি সোহানকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। ঘটনার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
