ঢাকাবুধবার , ৯ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পাবনা সুজানগরে তুচ্ছো ঘটনাকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, গুলিবিদ্ধ ৬

জুবায়ের খান প্রিন্স, পাবনা:
জুলাই ৯, ২০২৫ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার সুজানগর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৯ জুলাই) দুপুর ২টার দিকে সুজানগর পৌর বাজারে এ সংঘর্ষ ঘটে। এতে গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ৬ জন, আহত হয়েছেন আরও অনেকে। গুলিবিদ্ধদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ এবং অপর গ্রুপের নেতা শাহজাহান শেখের মধ্যে রাজনৈতিক ও সামাজিক আধিপত্য নিয়ে উত্তেজনা বিরাজ করছিল। বুধবার সকালে এই দ্বন্দ্ব সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার পাশাপাশি এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটে, যার ফলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

১. শেখ আব্দুর রউফ (৪৫) – পিতা জাবেদ শেখ, গ্রাম: তাঁতীবন্দ, ২. ইয়াকুব (৩৩) – পিতা শুকুর আলী, গ্রাম: ভবানীপুর, ৩. তুষার (৪০) – পিতা আজহার আলী, গ্রাম: কাছিপাড়া, ৪. সুজন (৪৫) – পিতা সিদ্দিক, গ্রাম: সুজানগর, ৫. আসলাম (৪৫) – পিতা আব্দুল হামিদ, ৬. মনজেল (৪৫) – গ্রাম: তাঁতীবন্দ, তাদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকি দুইজনকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুজিবর রহমান জানান, “বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, তবে এটি সরাসরি রাজনৈতিক বিষয় নয়, বরং ব্যক্তিগত শত্রুতার জের ধরেই সংঘর্ষ হয়েছে। ছয়জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

তিনি আরও জানান, এ ঘটনায় এখনো কোনো পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের অভিমতঃ বাজারের পথচারী ও প্রত্যক্ষদর্শীরা জানান, দু’পক্ষের মধ্যে দীর্ঘদিনের বৈরিতা থেকেই এই উত্তেজনা তৈরি হয়েছে। যদিও ঘটনাটি ব্যক্তি পর্যায়ের বিবাদ হিসেবে শুরু হয়, তবে উভয় পক্ষই রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ায় এবং দুজনই গ্রুপিং রাজনীতিতে জড়িত বলে জানা যায় পরিস্থিতি দ্রুত ঘোলাটে হয়ে ওঠে।

সংঘর্ষ-পরবর্তী সময়ে এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা আরও বড় ধরনের সহিংসতার আশঙ্কা করছেন। পুলিশ নিরাপত্তা নিশ্চিত করতে বাজার ও আশপাশের এলাকায় টহল জোরদার করেছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!