নাটোরের লালপুরে আব্দুল মান্নান নামের এক সবজি বিক্রেতাকে ছুরিকাঘাত করে প্রায় ৬হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এসময় সবজি ব্যবসায়ি তার হাতে আঘাত প্রাপ্ত হয়। ঘটনার পর থেকে ওই এলাকার সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
বুধবার (০৩ ডিসেম্বর ২০২৫) রাত ১০টার দিকে লালপুর-বাঘা আঞ্চলিক মহাসড়কের নছিরার বিল নামক স্থানে এঘটনা ঘটে। আহত সবজি ব্যবসায়ি লালপুর উপজেলা রাধাকৃষ্ণপুর এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানাযায় সবজি ব্যবসায়ি আব্দুল মান্নান সারাদিন ফেরি করে সবজি বিক্রয় করে জীবিকা নির্বাহ করেন। প্রতিদিনের ন্যায় তার ব্যাটারি চালিত ভ্যানে করে লালপুর ও পাশ্ববর্তী উপজেলা ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় সবজি বিক্রয় শেষে বাড়ি ফিরছিলেন। এমন সময় লালপুর উপজেলার নছিরার বিল নামক স্থানে পৌঁছালে একটি মোটরসাইকেলে দুইজন দুর্বৃত্ত এসে তার পথরোধ করেন। এমন সময় মোটরসাইকেল থেকে নেমে একজন তার হাতে ছুরিকাঘাত করে সারা দিনের সবজি বিক্রয়ের নগদ ৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এঘটনার পর থেকে এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান ঘটনাটি শুনেছি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
