ঢাকাশনিবার , ২৭ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

শিমুল বিশ্বাসের উদ্যোগে পাবনায় শিক্ষা, প্রযুক্তি ও যোগাযোগ খাতে উন্নয়নের নতুন গতি

জুবায়ের খান প্রিন্স, পাবনা:
ডিসেম্বর ২৭, ২০২৫ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

দীর্ঘদিনের পরিকল্পিত ও ধারাবাহিক প্রচেষ্টার ফলে পাবনায় শিক্ষা, প্রযুক্তি, স্বাস্থ্য ও যোগাযোগ অবকাঠামো খাতে একের পর এক গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের উদ্যোগে পূর্ববর্তী সরকারের সময়ে বাতিল হওয়া একাধিক প্রকল্প পুনরায় সরকারি অনুমোদন পেয়েছে। একই সঙ্গে নতুন শিক্ষা ও প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান স্থাপন এবং বিদ্যমান প্রতিষ্ঠানসমূহে আধুনিক সুবিধা সংযোজনের সুপারিশ প্রক্রিয়াও চলমান রয়েছে।

দৈনিক দিনকাল পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক ও পাবনার জনপ্রিয় নেতা অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের উদ্যোগে পাবনায় যেসব শিক্ষা ও প্রযুক্তি প্রতিষ্ঠান গড়ে উঠেছে, অনুমোদন পেয়েছে কিংবা নতুন বিভাগ ও অবকাঠামো সংযোজিত হয়েছে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য— এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা টেক্সটাইল ডিগ্রি কলেজ, পাবনা মেরিন একাডেমি, সরকারি শহীদ বুলবুল কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি পাবনা কলেজ, পাবনা মেডিকেল কলেজ, পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট এবং পাবনা কৃষি কলেজ।

এছাড়াও জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পাবনা মানসিক হাসপাতাল, পাবনায় রেললাইন চালু, ফেরিঘাটের দূরত্ব হ্রাস, শহরের অভ্যন্তরে চার লেনের সড়ক নির্মাণসহ একাধিক বৃহৎ অবকাঠামো প্রকল্প। এর পাশাপাশি পাবনা–পাকশী সড়ক, পাবনা–বাগেরহাট সড়ক এবং পাবনা–চাটমোহর হয়ে যমুনা সেতু সংযোগ সড়ক উন্নয়ন প্রকল্পের অনুমোদন ইতোমধ্যেই গৃহীত হয়েছে।

পাবনা প্রেসক্লাবে বৈশাখী টেলিভিশনের ২১ বছরে পদার্পণ উপলক্ষে শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিমুল বিশ্বাস বলেন, “পাবনার মেধাবী তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তিনির্ভর শিল্প বিকাশ, স্বল্প সময়ে কার্যকর যোগাযোগ ব্যবস্থা এবং জেলার সার্বিক উন্নয়ন ছিল পাবনাবাসীর দীর্ঘদিনের দাবি। সেই দাবির বাস্তবায়নে আমরা অবশেষে পুনরায় সরকারি অনুমোদন আনতে সক্ষম হয়েছি।”

তিনি আরও বলেন, স্থানীয় বিশিষ্টজনদের সহযোগিতা এবং সরকারের সর্বোচ্চ পর্যায়ে ধারাবাহিক যোগাযোগ ও আলোচনার মাধ্যমেই বিপুল অঙ্কের বরাদ্দ অনুমোদন সম্ভব হয়েছে। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী এই বাজেট আরও বৃদ্ধি পাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষজ্ঞদের মতে, এসব প্রকল্প বাস্তবায়নের ফলে—তথ্যপ্রযুক্তি ও উচ্চপ্রযুক্তি খাতে স্থানীয় ও জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে, নতুন উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের জন্য সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হবে, প্রযুক্তিভিত্তিক শিল্প বিকাশের মাধ্যমে পাবনা অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে, জেলার যুবসমাজ আধুনিক শিক্ষা ও প্রযুক্তিনির্ভর কর্মক্ষেত্রের সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবে।

সংশ্লিষ্টদের মতে, শিমুল বিশ্বাসের নিরন্তর প্রচেষ্টা ও নেতৃত্বে পাবনা অদূর ভবিষ্যতে একটি আধুনিক, শিক্ষা ও প্রযুক্তিনির্ভর জেলায় রূপ নিতে চলেছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!