ঢাকাসোমবার , ১ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

এক কক্ষেই চলছে ছয় শ্রেণির ক্লাস! অবহেলিত স্কুলেই ভোটকেন্দ্র পাবনায়

হাবিবুর রহমান, সম্পাদক ও প্রকাশক
ডিসেম্বর ১, ২০২৫ ১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার আটঘরিয়া উপজেলার পশ্চিম পাড়াশিধাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চরম শ্রেণিকক্ষ সংকটের কারণে এক কক্ষেই দুই শিফটে চলছে ৬টি শ্রেণির পাঠদান। দীর্ঘদিন ধরে নতুন ভবন নির্মাণ বা অতিরিক্ত কক্ষ না হওয়ায় শিক্ষক-শিক্ষার্থী সবাইকে ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। বিদ্যালয়টি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রও হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে।

বিদ্যালয় সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিষ্ঠানটিতে আবাসন সংকট তীব্র আকার ধারণ করায় ছাত্রছাত্রীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। একটি মাত্র টিনসেড ভবনে দুইটি কক্ষ রয়েছে—একটি অফিস হিসেবে, অন্যটি সকল শ্রেণির পাঠদানের জন্য। সকাল ও দুপুর দুই শিফটে ৬টি শ্রেণির ক্লাস পরিচালনা করতে বাধ্য হচ্ছেন শিক্ষকরা। এতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে, মনোযোগ ধরে রাখতে পারছে না শিশুরা।

স্থানীয় অভিভাবকরা অভিযোগ করে বলেন,“এক কক্ষে দুই শিফটে ক্লাস হওয়ায় আমাদের ছেলে-মেয়েরা সঠিকভাবে পড়াশোনা করতে পারছে না। দ্রুত ভবন নির্মাণ বা অতিরিক্ত শ্রেণিকক্ষ জরুরি।”

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ জবেদা খাতুন বলেন,“আমাদের একটি মাত্র টিনসেড বিল্ডিং। একটি কক্ষ অফিস, আরেকটি শ্রেণিকক্ষ। প্রথম শিফটে শিশু, ১ম ও ২য় শ্রেণি এবং দ্বিতীয় শিফটে ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির ক্লাস একই কক্ষে নিতে হচ্ছে। বছরের পর বছর ধরে এভাবেই চলছে”।

এ অবস্থায় নির্বাচনের ভোটগ্রহণ নিয়েও শঙ্কা প্রকাশ করেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহম্মেদ খান বলেন,“ এটি একটি পুরাতন স্কুল এবং যুগযুগ ধরে এটি স্থানীয় এবং জাতীয় নির্বাচনের ভোট কেন্দ্র হিসাবে ব্যবহার হয়ে আসছে। একটি পুরাতন বিল্ডিং ছিল সেটিও ভেঙে ফেলা হয়েছে। বর্তমানে এই ভবনে ভোট গ্রহণ করা বাস্তবিকই কঠিন। তবে নির্বাচনকে সামনে রেখে অস্থায়ী কিছু ব্যবস্থা ছাড়া উপায় নেই। সারা দেশে স্কুলে বিল্ডিং ও সীমানা প্রাচীর রয়েছে, কিন্তু এই প্রতিষ্ঠানটি চরমভাবে অবহেলিত। শিক্ষা ব্যবস্থাই ভেঙে পড়েছে এখানে। দ্রুত নতুন ভবন ও সীমানা প্রাচীর নির্মাণের দাবি জানাচ্ছি।”

আটঘরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মীর রেজাউল ইসলাম জানান,“উচ্চ কর্তৃপক্ষের কাছে একাধিকবার ভবন নির্মাণের আবেদন পাঠানো হয়েছে, কিন্তু এখনো কোনো বরাদ্দ মেলেনি। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন অফিস থেকে স্কুলের সংস্কারের জন্য ৫৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা দ্রুত সংস্কারের কাজ শুরু করবো।”

 

 

 


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!