নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন সাবেক লাক্স সুন্দরী তানজিয়া আঞ্জুম সোহানিয়া। এর আগে তিনি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বয় ও সংসদ বিভাগে উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তানজিয়া আঞ্জুম সোহানিয়া ২০১০ সালের চ্যানেল আই লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা দশে স্থান করে নেন। একই আসরে তিনি ‘ক্লোজআপ মিস বিউটিফুল স্মাইল’ পুরস্কার অর্জন করেন। কিছু বিজ্ঞাপনচিত্র ও শোবিজ কাজ করলেও পড়াশোনার ব্যস্ততার কারণে নিয়মিত ছিলেন না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেধাবী এই শিক্ষার্থী ৩৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে গেজেটপ্রাপ্ত হন। ২০১৯ সালের ২০ মার্চ প্রকাশিত সরকারি প্রজ্ঞাপনে তিনি প্রশাসন ক্যাডারে নিয়োগ পান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দ্বিতীয় ধাপে দেশের ৭৭ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে নীলফামারী জেলার ছয়টি উপজেলার মধ্যে তিনটিতে ইউএনও রদবদল হয়েছে। আজ (৪ ডিসেম্বর) কিশোরগঞ্জ উপজেলায় তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
শৈশব থেকেই সোহানিয়ার শিক্ষাজীবন ও সাংস্কৃতিক অঙ্গনে ছিল উজ্জ্বল উপস্থিতি। তার বাবা ডা. আজিজুল হক খান একজন সরকারি কর্মকর্তা এবং মা সালমা সুলতানা গৃহিণী। পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া সোহানিয়া গান, নাচ ও অভিনয়ে জাতীয় পর্যায়ে একাধিক পুরস্কার অর্জন করেন। কাবস্কাউটে জাতীয় পর্যায়ে রানার্স আপ হওয়ার পাশাপাশি সংস্কৃতি চর্চায় সমানভাবে দক্ষতা দেখান।
টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালিকা বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ নিয়ে এসএসসি এবং কুমুদিনী সরকারি কলেজ থেকে জিপিএ-৫ নিয়ে এইচএসসি পাস করেন তিনি। পরবর্তী সময়ে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে এবং সেখান থেকেই তার বিসিএসের পথচলা।
তথসূত্র: কালেরকণ্ঠ অনলাইন।
