ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদী এবং চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ’র উপর গুলির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে লালপুর উপজেলা বিএনপি।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে লালপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে লালপুর ডিগ্রি কলেজ মাঠে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ডিগ্রী কলেজ মাঠ থেকে বের হয়ে লালপুর শ্রী. সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
এসময় নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপির মনোনয়ন প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, ৫আগস্ট বাংলাদেশ থেকে মাফিয়া তন্তু ও স্বৈরাচার তন্ত্রের পতন হয়েছে। কিন্তু বাংলাদেশের গণতন্ত্রের যাত্রা এখনো শুরু হয় নাই। ৫ আগস্টের পর থেকে একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থির ও নির্বাচনকে ভন্ডুল করার জন্য পাঁয়তারা শুরু করেছে। স্বৈরাচারী আমলে মাফিয়া তন্ত্র সরকারের সময় যে কোন ঘটনা ঘটিয়ে বিএনপির উপর দায় চাপাত, সেই চক্রটি আবার বাংলাদেশে যা ঘটছে তার দায় বিএনপির উপর চাপানোর চেষ্টা করছে।
আমরা সবাইকে সতর্ক করে জানিয়ে দিতে চাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা মানে বাংলাদেশ। বাংলাদেশ যদি রুখে দাঁড়ায় তাহলে কেহ পালাবার কোন পথ পাবেন না। সকল ধরনের ষড়যন্ত্রকে নস্যাৎ করে আমরা এগিয়ে যাবো একটি নির্বাচনের পথে। সকল ধরনের ষড়যন্ত্রের মোকাবেলা করে আমরা এগিয়ে যাবো একটি গণতন্ত্রের দিকে ।
এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী মিষ্টু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
