ঈশ্বরদী কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদীর শতবর্ষী ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি সাঁড়া মাড়োয়ারী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সকাল ও বিকেল শিফটে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে এ পরীক্ষা সম্পন্ন হয়।
অ্যাসোসিয়েশন সূত্র জানায়, দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে সর্ববৃহৎ এ বৃত্তি পরীক্ষা ২০০২ সাল থেকে নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। এ বছর ঈশ্বরদী উপজেলার ৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৭৭৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ঢাকা সিএমএম আদালতের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সিরাজুল ইসলাম মামুন, অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার, ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সরকার, একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম, সরকারি সাঁড়া মাড়োয়ারী স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহিদুল হক শাহীন, বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, সিনিয়র সাংবাদিক খোন্দকার মাহাবুবুল হক দুদু এবং ঈশ্বরদী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ওহেদুজ্জামান টিপু।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। তাঁদের মধ্যে ছিলেন বিজয় টিভির ঈশ্বরদী প্রতিনিধি আশরাফুল ইসলাম সবুজ, এনটিভি অনলাইনের প্রতিনিধি রাসেল আলী, সাংবাদিক হাবিবুর রহমান হাবিব ও তুহিন হোসেন।
আমন্ত্রিত অতিথিবৃন্দ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষার সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। প্রধান পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন স্কুলপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান। কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন ঈশ্বরদী কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি লুৎফর রহমান এবং সার্বিক সমন্বয় করেন সংগঠনের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম।
অ্যাসোসিয়েশনের সভাপতি লুৎফর রহমান বলেন, “সরকারিভাবে প্রাথমিক পর্যায়ে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মেধা মূল্যায়নের সুযোগ না থাকায় এ বৃত্তি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মেধাবিকাশে এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।” তিনি জানান, বিগত বছরের মতো এবারও বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃহৎ পরিসরে জমকালো সংবর্ধনার আয়োজন করা হবে।
