ঈশ্বরদীতে ঘোষিত ‘শার্ট ডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে রবিবার (১৬ নভেম্বর) গভীর রাত থেকে কুষ্টিয়া–ঢাকা মহাসড়কের নওদাপাড়া ও সরাইকান্দি এলাকায় গাছ কেটে, আগুন জ্বালিয়ে এবং ট্রাকভর্তি বালু ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় রাতের শেষ প্রহরে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে নওদাপাড়া এলাকায় ট্রাকভর্তি বালু ফেলে মহাসড়কের বৃহৎ একটি অংশ বন্ধ হয়ে যায়। এতে ঢাকা, বগুড়া, পাবনা, রাজশাহী ও দক্ষিণাঞ্চলগামী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে প্রায় ৩ কিলোমিটার এলাকায় তীব্র যানজট তৈরি হয়।
এর কিছুক্ষণ পর সড়াইকান্দি এলাকায় মহাসড়কের পাশের গাছ কেটে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের আরেকটি প্রচেষ্টা চালানো হয়, যা যান চলাচল আরও জটিল করে তোলে।
সংবাদ পেয়ে পাকশী হাইওয়ে থানা পুলিশ, ঈশ্বরদী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং বালু ও গাছ অপসারণ করেন। পরে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।
রূপপুর মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার রাকিব বিশ্বাস বলেন, “রাত প্রায় পৌনে তিনটার দিকে আমরা খবর পাই। পুলিশ ও প্রশাসনের সহায়তায় মহাসড়ক থেকে বালু অপসারণে দুই ঘণ্টারও বেশি সময় লাগে।”
এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হেদায়েতুল ইসলাম অনিক বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে ধরে পুলিশে সোপর্দ করা হয়।”
ঘটনার বিষয়ে পাকশী হাইওয়ে থানার ওসি ইজাজ আহম্মেদ জানান, “শার্ট ডাউনকে কেন্দ্র করে দুষ্কৃতিকারীরা বালু ফেলে সড়ক অবরোধের চেষ্টা করে। আমরা দ্রুত ব্যবস্থা নিয়ে যান চলাচল স্বাভাবিক করতে সক্ষম হয়েছি।”
তবে এলাকাবাসীর দাবি যথাযথ পুলিশি টহল থাকলে এমন ঘটনার সৃষ্টি হত না।
