পাবনা শহরের পাথরতলা এলাকায় অবস্থিত বহুল আলোচিত ও বিতর্কিত “চাকী বাড়ি” মদের দোকান বন্ধ এবং সাম্প্রতিক রনি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবিতে ০২ জুন সোমবার শহরে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
পাবনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সচেতন নাগরিক সমাজ, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এ কর্মসূচিতে অংশ নেন। তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর পৃথকভাবে স্মারকলিপি দেন। এসময় তারা প্রশাসনিক কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, পাথরতলা এলাকার আবাসিক পরিবেশের ঠিক মাঝখানে অবস্থিত চাকী বাড়ির এই মদের দোকান দীর্ঘদিন ধরে সামাজিক ভারসাম্য নষ্ট করে চলেছে। দোকানটির আশপাশে রয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, যার মধ্যে রয়েছে— বিবেকানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ ক্যাডেট স্কুল, শাহীন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ, মহিলা মাদ্রাসা ও পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ।
অভিভাবকদের দাবি, শিক্ষার্থীরা প্রতিদিন ক্লাসে যাতায়াতের পথে মদের দোকানের পাশ দিয়ে যেতে বাধ্য হয় এবং প্রায়শই মাতালদের উত্যক্তের শিকার হয়। এতে তাদের নিরাপত্তা ও মানসিক স্বস্তি বিঘ্নিত হচ্ছে। শিক্ষাবান্ধব পরিবেশ মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, মদের দোকানকে কেন্দ্র করে এলাকায় মাদকসেবী ও অপরাধীদের আনাগোনা বাড়ছে। সম্প্রতি একাধিক ছিনতাই, হামলা ও হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে। এর মধ্যে লিটু, তৌহিদ ও তায়মুন নামে তিনজন নিহত এবং রিপন, শিপন, টিপুসহ অনেকেই আহত হয়েছেন। সর্বশেষ রনি নামে এক তরুণ হত্যার শিকার হলেও এখনও বিচার হয়নি।
এলাকাবাসীর অভিযোগ, বেকার যুবসমাজের একটি অংশ মদের টাকার যোগান দিতে চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এতে করে পাথরতলা ছাড়াও বাংলা বাজার, লঞ্চঘাট, কোমরপুর, চর কুশাখালী, সাদিপুর, চর শিবরামপুর, রামচন্দ্রপুর ও ঘোষপাড়াসহ আশপাশের এলাকার মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
স্মারকলিপিতে প্রলয় চাকী নামে এক ব্যক্তির বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলা হয়েছে, যিনি জেলা আওয়ামী লীগের রাজনৈতিক দলের সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে পরিচিত এবং বিভিন্নভাবে ব্যক্তি স্বার্থে প্রভাব খাটিয়েছেন।
অভিযোগ রয়েছে, তিনি মদের ব্যবসার আড়ালে মাস্তান, সন্ত্রাসী ও দুর্বৃত্তদের অর্থায়ন করছেন এবং প্রশাসনের নজরদারির বাইরে থেকে এই অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে জেলা প্রশাসক মোঃ মফিজুল ইসলাম বলেন বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছি। আমি এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে চেষ্টা করবো।
পুলিশ সুপার মোঃ গোলাম মোস্তফা বলেন অভিযোগটি আমরা আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে দেখছি। দ্রুত রনি হত্যার আসামী গ্রেফতার, নতুন করে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটাতে ও মাদক ব্যবসা বন্ধে করণীয় সবকিছু চেষ্টা করছি।
অঞ্চলবাসী প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন—চাকী বাড়ির মদের ব্যবসা অবিলম্বে বন্ধ করতে হবে,
প্রলয় চাকীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এবং আবাসিক এলাকায় মাদকবিরোধী কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
বিক্ষোভকারীদের মতে, প্রশাসনের সদিচ্ছা থাকলে এই সমস্যার সমাধান সম্ভব এবং পাবনার সামাজিক পরিবেশ রক্ষা করা যাবে।
পাবনাবাসীও গভীর আগ্রহে অপেক্ষা করছে সংবাদ মাধ্যম ও প্রশাসন কি কি পদক্ষেপ গ্রহণ করে।
