পাবনার ঈশ্বরদী থানার ডিএসবি শাখায় কর্মরত দুই পুলিশ কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক ভাবে নিহত হয়েছেন।
নিহতরা হলেন ইন্সপেক্টর (নিরস্ত্র) ডিআইও-৩ মোঃ মোজাহারুল ইসলাম (বিপি-৭৮০৪১০০৩৫০) এবং এএসআই (নিরস্ত্র) মোঃ কয়েস উদ্দিন। নিহত পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মোজহারুল ইসলাম বাড়ি পীরগাছা, রংপুর এবং মোঃ কয়েস উদ্দিন (পিতা: কছিমদ্দিন), গ্রাম রাতৈল, পোস্ট চান্দুরিয়া, থানা তানোর, জেলা রাজশাহীর বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আনুমানিক সকাল ১১টা ৫৫ মিনিটে ঈশ্বরদী থানাধীন রূপপুর এলাকায় সাদা পোশাকে ডিউটি শেষে কালো রংয়ের একটি পালসার মোটরসাইকেল (রেজি নং: ঢাকা মেট্রো-ল-১৪-৭১৬৯) যোগে লালনশাহ ব্রিজের দক্ষিণ পাশ থেকে ইউটার্ন নিয়ে ঈশ্বরদী অভিমুখে ফেরার সময় একটি কাভার্ড ভ্যান তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়।
এতে উভয় পুলিশ কর্মকর্তা মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুজ্জামান জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে প্রেরণের কার্যক্রম শুরু করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
