ঢাকাবুধবার , ১২ আগস্ট ২০২৬
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

আটঘরিয়ায়  অবৈধ মিনি তেলপাম্পে আগুন,  ২০ লক্ষাধিক  টাকার ক্ষতি সাধন

ফজলুর রহমান খান, আটঘরিয়া (পাবনা):
আগস্ট ১২, ২০২৬ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার আটঘরিয়া উপজেলায় একটি মিনি তেলপাম্পে অগ্নিকাণ্ডে তিনটি দোকান, দুটি তেলের ট্যাংকি ও একটি ভবনের একাংশ পুড়ে গেছে। আগুনে পাশের আরও দুটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশের প্রাথমিক হিসাবে এ ঘটনায় ২০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে উপজেলার মাঝপাড়া ইউনিয়নের পারখিদিরপুর কুমারগাড়ী বাজারে তোরাব আলীর মালিকানাধীন মিনি তেলপাম্পে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে তোরাব আলী তাঁর নিজস্ব ভবনের নিচে একটি দোকানের পাশে ডিজেল ও পেট্রোল বিক্রির জন্য মিনি তেলপাম্প স্থাপন করেন। স্থানীয়ভাবে পাম্পটি সরকারি অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছিল বলে জানা গেছে।
মঙ্গলবার রাতে পাম্পে তেল নামানোর সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। মুহূর্তের মধ্যে আগুন পাম্পের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এতে দুটি তেলের ট্যাংকি, তিনটি দোকান ও ভবনের একাংশ পুড়ে যায়। আগুনে পাশের আরও দুটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে আটঘরিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে দাশুড়িয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে যোগ দেয়। তিনটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় পুলিশ ও স্থানীয় লোকজনও আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন।
আটঘরিয়া ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হাসান আলী বলেন, তিনটি ইউনিট দেড় ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক হিসাবে তিনটি দোকানসহ মোট ক্ষয়ক্ষতির পরিমাণ ২২ লাখ টাকার বেশি বলে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!