ঢাকারবিবার , ১৬ আগস্ট ২০২৬
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

পাবনাকে সংযুক্ত করে ‘ওয়াই সিস্টেম’ ব্রিজ নির্মাণের সুখবর দিলেন শিমুল বিশ্বাস

জুবায়ের খান প্রিন্স, পাবনা:
আগস্ট ১৬, ২০২৬ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনাবাসীর জন্য সুখবর জানিয়ে পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, পাবনাকে সংযুক্ত করে ‘ওয়াই সিস্টেম’ ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে শিগগিরই পাবনায় ট্রেন চলাচল এবং বিমানবন্দর চালুর প্রত্যাশার কথাও জানিয়েছেন তিনি।

রোববার (১৬ আগস্ট) দুপুরে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শিমুল বিশ্বাস বলেন, “বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় আমূল বৈপ্লবিক পরিবর্তন আনতে সাড়ে চার কোটি মানুষের প্রত্যাশা রয়েছে। এ বিষয়ে পাবনা জেলা প্রশাসক একটি গোপন প্রতিবেদন পাঠিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে পাবনাবাসীকে আগাম সুখবর দিতে পারি, ‘ওয়াই সিস্টেম’ ব্রিজ পাবনাকে সংযুক্ত করে নির্মিত হতে যাচ্ছে।”

তিনি বলেন, “শিগগিরই পাবনায় ট্রেন চলাচল শুরু হবে এবং বিমানবন্দরও চালু হবে। এতে ‘পকেট জেলা’ হিসেবে পাবনাকে নিয়ে যে সমালোচনা ও মানুষের কষ্ট রয়েছে, তা ইনশাআল্লাহ দূর হবে। আমরা পাবনার জন্য ভালো কিছু করতে চাই।”

পাবনার উন্নয়নে ওয়াই ব্রিজ ও পদ্মা ব্যারেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে তিনি বলেন, “এই দুটি প্রকল্প বাস্তবায়িত হলে গোটা দেশের মধ্যে পাবনা আরও এগিয়ে যাবে এবং উন্নয়নের দিক থেকে শীর্ষ অবস্থানে থাকবে।”

শিমুল বিশ্বাস আরও বলেন, “আল্লাহ তায়ালা আমাদের ভাগ্য পরিবর্তনের চূড়ান্ত সুযোগ করে দিয়েছেন। এখন প্রয়োজন জাতীয় ঐক্য ও সঠিক পরিকল্পনা। ৫০০ বছরের বঞ্চনা আমরা এক দশকের মধ্যে বদলে দিতে পারব, ইনশাআল্লাহ। সেই সুবর্ণ সুযোগকে ঐক্যবদ্ধভাবে কাজে লাগাতে হবে।”

পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন পাবনা পুলিশ সুপার আবু আশ্রাফ, জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান, এনএসআই পাবনার উপপরিচালক তৌফিক ইকবাল ও পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম প্রমুখ।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!