ঢাকামঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২৬
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় বারবার আবির্ভূত হয়েছে বিএনপি- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
সেপ্টেম্বর ১, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

লালপুর (নাটোর) প্রতিনিধি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল বলেছেন, বাংলাদেশের ইতিহাসে যখনই গণতন্ত্র ক্ষুণ্ন হয়েছে এবং দেশকে গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত করার চেষ্টা করা হয়েছে, তখনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ত্রাণকর্তার ভূমিকায় আবির্ভূত হয়েছে। ১৯৯০ সালে গণতন্ত্র বিপন্ন হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসকে বারবার বিকৃত করার চেষ্টা করা হয়েছে। বিশেষ করে স্বাধীনতার ঘোষণাকে ঘিরে নানা বিতর্ক সৃষ্টি করা হয়েছে। তবে সত্য হচ্ছে, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কণ্ঠে স্বাধীনতার ঘোষণা দেশবাসী শুনেছিল—ইতিহাস তা প্রমাণ করে।
প্রতিমন্ত্রী আরও বলেন, যখনই দেশে গণতন্ত্রকে ধ্বংস করার অপচেষ্টা হয়েছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে মেরুদণ্ডহীন রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র হয়েছে, তখনই জনগণের দল বিএনপি আবারও গণতন্ত্র রক্ষায় এগিয়ে এসেছে।
তিনি দাবি করেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং একটি মানবিক, গণমুখী রাষ্ট্র গঠনের কাজ এগিয়ে চলছে।
বেগম খালেদা জিয়াকে “আপোষহীন নেত্রী” হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তিনি জীবনের শেষ পর্যন্ত দেশের মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করে গেছেন এবং কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি।
প্রতিমন্ত্রী গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বলেন, তাদের আদর্শই আজকের সংগ্রামের প্রেরণা।
বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের জন্য ভাতা প্রদান, খাল খনন কার্যক্রম, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি ইতোমধ্যে শুরু হয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই এসব উদ্যোগের সুফল দেশের প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া হবে।
লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী মিষ্টু, হামিদুর রহমান বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মোহাম্মদ আলী জিন্নাহ, লালপুর থানা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল বারী বাবলা, যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইটসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!