বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনার ঈশ্বরদীতে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দল ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর ঢল দেখা যায়।
বিকেল ৫টায় ঈশ্বরদীর আলহাজ্ব মোড় থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব।
র্যালিতে নেতৃত্ব দেন ঈশ্বরদী উপজেলা বিএনপির আহবায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সদস্য সচিব মো. শরিফুল ইসলাম তুহিন, পৌর বিএনপির আহবায়ক মাহবুবুর রহমান পলাশ ও সদস্য সচিব ইমরুল কায়েস সুমন।
বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী র্যালিতে অংশ নেন। জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে বিভিন্ন শ্লোগানে মুখর হয়ে ওঠে ঈশ্বরদীর রাজপথ।
পুরাতন বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত পথসভায় বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠার দিন নয়; এটি দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তারা দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সব নেতাকর্মীর প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
এ সময় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা ছাড়াও বিভিন্ন ইউনিয়ন এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
