ঢাকাশনিবার , ২২ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

জুবায়ের খান প্রিন্স, পাবনা:
মার্চ ২২, ২০২৫ ২:২৩ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার আটঘরিয়া থানাধীন নাদুরিয়া এলাকায় সংঘটিত গণধর্ষণ মামলার প্রধান আসামি মো. আমিরুল ইসলাম (৩০) কে গ্রেফতার করেছে র‍্যাব-১২, সিপিসি-২ পাবনার একটি বিশেষ অভিযানিক দল।

র‍্যাব সূত্রে জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ রাত আনুমানিক ৮টার দিকে নাদুরিয়া এলাকায় এক নারী গণধর্ষণের শিকার হন। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে ২০ মার্চ ২০২৫ তারিখ আটঘরিয়া থানায় মামলা দায়ের করেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(৩) ধারায় রুজু করা হয়, যার মামলা নম্বর-১৪, তারিখ-২০/০৩/২০২৫। মামলায় এজাহারনামীয় পাঁচজনকে আসামি করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রধান আসামি আমিরুল ইসলাম ভিকটিমের সাবেক স্বামী। পারিবারিক বিরোধের কারণে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। তবে তালাকের পরও আমিরুল ইসলাম ভিকটিমকে পুনরায় বিয়ের প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে ডেকে নেন। সেখানে পূর্বপরিকল্পিতভাবে তার চার সহযোগীর সঙ্গে মিলে ভিকটিমকে সংঘবদ্ধ ধর্ষণ করেন।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত (২২ মার্চ) ১২টা ১৫ মিনিটে র‍্যাব-১২, সিপিসি-২ পাবনার একটি বিশেষ অভিযানিক দল আটঘরিয়া থানার নাদুরিয়া এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি মো. আমিরুল ইসলামকে গ্রেফতার করে। তার পিতার নাম মাসুদ রানা এবং বাড়ি নাদুরিয়া গ্রামে।

র‍্যাব জানায়, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আটঘরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ জনগণকে মাদক, অস্ত্রধারী ও জঙ্গিবাদবিরোধী তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!