লালপুর প্রতিনিধি: লালপুরে নেশার টাকা জোগাড় করতে গিয়ে নিজের ভাগিনার শখের বাইসাইকেল চুরির অভিযোগে জাহাঙ্গীর হোসেন কালু (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (১৮ জুলাই ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাশ্ববর্তী পাবনার ঈশ্বরদী উপজেলা থেকে চোরাই বাইসাইকেলসহ তাকে আটক করা হয়। গ্রেফতার জাহাঙ্গীর হোসেন কালু লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের টিটিয়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
লালপুর থানা সূত্রে জানা যায়, নেশার টাকা জোগাড় করতে না পেরে কালু তার বোন মোছাঃ মরিয়ম খাতুনের (৩৯) বাড়ি থেকে ভাগিনার শখের বাইসাইকেলটি চুরি করে নিয়ে যায়। পরে বিষয়টি জানতে পেরে মরিয়ম খাতুন লালপুর থানায় ভাইয়ের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে লালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আঃ হাই সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ঈশ্বরদী থানা এলাকা থেকে অভিযুক্ত কালুকে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া লাল ও সবুজ রঙের একটি বাইসাইকেল উদ্ধার করা হয়।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার জাহাঙ্গীর হোসেন কালুর বিরুদ্ধে তার বোন মামলা দায়ের করেছেন। তাকে রবিবার (১৯ জুলাই) আদালতে পাঠানো হবে।
