পাবনার আটঘরিয়ায় যৌথ অভিযানে প্রায় দুই লাখ টাকা মূল্যের ৫২টি চায়না দুয়ারী জাল ও চারটি কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলার সুতিরবিল, ডেঙ্গাগ্রাম, তারাপাশা ও সুইসগেট-সংলগ্ন এলাকায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। মৎস্য সংরক্ষণ আইন, মৎস্য হ্যাচারি আইন ও মৎস্য খাদ্য আইন বাস্তবায়নের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদুল ইসলাম।
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম নাজিম উদ্দীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত, আটঘরিয়া থানা পুলিশের সদস্য এবং আনসার সদস্যরা অংশ নেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম নাজিম উদ্দীন জানান, দেশীয় প্রজাতির মাছ ও অন্যান্য জলজ প্রাণী সংরক্ষণ এবং জলজ পরিবেশের ভারসাম্য রক্ষায় উপজেলার বিভিন্ন নদী-বিল ও জলাশয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এবারের অভিযানে জব্দ করা চায়না দুয়ারী জালের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদুল ইসলাম বলেন, চায়না দুয়ারী জাল ব্যবহারের ফলে শুধু মাছ নয়, মাছের পোনা, কাঁকড়া, বিভিন্ন জলজ কীটপতঙ্গ, সাপ, ব্যাঙ ও জলচর পাখিসহ নানা ধরনের জলজ প্রাণী নির্বিচারে ধ্বংস হচ্ছে। একশ্রেণির অসাধু ব্যবসায়ী এসব জাল ব্যবহার করে সাধারণ জেলেদের দিয়ে মাছ শিকার করান। এতে ভবিষ্যতে নদী-নালা ও বিলের প্রাকৃতিক মৎস্যসম্পদ মারাত্মক হুমকির মুখে পড়তে পারে।
তিনি সাধারণ মানুষকে অবৈধ চায়না দুয়ারী জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।
উপজেলা প্রশাসন জানিয়েছে, দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
