ঢাকাবুধবার , ১৫ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় প্রাইভেট কারে ৫৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ১

জুবায়ের খান প্রিন্স, পাবনা:
জুলাই ১৫, ২০২৬ ১:১২ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার ফরিদপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ৫৪৯ বোতল ফেনসিডিল (ই-স্কাফ কফ সিরাপ) উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক বহনের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা প্রায় ৬টা ৫৫ মিনিটে ফরিদপুর থানাধীন গোডাউন মোড় এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, রেঞ্জ ডিআইজির মাদকবিরোধী বিশেষ নির্দেশনা এবং পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহর সার্বিক তত্ত্বাবধানে জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চলছে। এরই অংশ হিসেবে ফরিদপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি দল ঢাকা মেট্রো-গ-১৫-৩৯৩০ নম্বরের একটি সিলভার রঙের প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালায়।

তল্লাশির সময় গাড়ির পেছনের ডালা থেকে তিনটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তাগুলো খুলে নেটের ব্যাগে মোড়ানো অবস্থায় মোট ৫৪৯ বোতল অবৈধ ফেনসিডিল (ESkuf Cough Syrup) উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদক পরিবহনের অভিযোগে গাড়ির চালক মো. মিরাজুল ইসলাম (২৮)-কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তিনি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার উথলী গ্রামের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

পাবনা জেলা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এছাড়া সদ্য যোগদান করা পুলিশ সুপার মো. ছুফি উল্লাহর নেতৃত্বে গত ৬৬ দিনে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ২৬৬ জন মাদক কারবারি ও মাদকসেবীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!