ঢাকাবুধবার , ১৫ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

কর্তৃপক্ষের অবহেলায় দাশুড়িয়া ট্রাফিক মোড়ের পুলিশ বক্স এখন যেন পাবলিক টয়লেট

হাবিবুর রহমান, সম্পাদক ও প্রকাশক
জুলাই ১৫, ২০২৬ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদী উপজেলার গুরুত্বপূর্ণ দাশুড়িয়া ট্রাফিক মোড়ে স্থাপিত পুলিশ বক্সটি দীর্ঘদিন ধরে অযত্ন ও অব্যবস্থাপনায় পড়ে রয়েছে। নিয়মিত ব্যবহার ও রক্ষণাবেক্ষণের অভাবে বক্সটির চারপাশ অস্বাস্থ্যকর পরিবেশে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, অনেকেই সেখানে প্রকাশ্যে মূত্রত্যাগ করায় পুলিশ বক্সটি এখন যেন একটি পাবলিক টয়লেটের চেহারা নিয়েছে।

সরেজমিনে দেখা যায়, পুলিশ বক্সটির আশপাশে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এতে আশপাশের ব্যবসায়ী, পথচারী, যাত্রী ও স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। ব্যস্ত এই ট্রাফিক মোড় দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করলেও বক্সটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা কিংবা নিয়মিত ব্যবহারের কোনো দৃশ্যমান উদ্যোগ নেই বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় ব্যবসায়ীরা বলেন, পুলিশ বক্সটি দীর্ঘদিন ধরে কার্যত অব্যবহৃত অবস্থায় রয়েছে। নিয়মিত পুলিশ সদস্যদের উপস্থিতি ও রক্ষণাবেক্ষণ না থাকায় অসচেতন কিছু মানুষ বক্সটির চারপাশে মূত্রত্যাগ করছেন। ফলে পরিবেশ যেমন নোংরা হচ্ছে, তেমনি দুর্গন্ধে দোকানে বসে ব্যবসা করাও কঠিন হয়ে পড়েছে।

পথচারীদের ভাষ্য, গুরুত্বপূর্ণ একটি সড়ক মোড়ে এমন অস্বাস্থ্যকর পরিবেশ জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকিপূর্ণ। দ্রুত পুলিশ বক্সটি পরিষ্কার করা, নিয়মিত ব্যবহার নিশ্চিত করা এবং প্রকাশ্যে মূত্রত্যাগ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

স্থানীয়দের দাবি, দাশুড়িয়া ট্রাফিক মোড় ঈশ্বরদীসহ দেশের বিভিন্ন জেলা, উপজেলার মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল। তাই পুলিশ বক্সটি কার্যকরভাবে ব্যবহার, নিয়মিত পরিচ্ছন্নতা নিশ্চিত এবং প্রয়োজনীয় নজরদারি বাড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ নেওয়া জরুরি।

উল্লেখ্য, দাশুড়িয়া ট্রাফিক মোড়ের বিভিন্ন অব্যবস্থাপনা ও জনদুর্ভোগ নিয়ে অতীতেও একাধিকবার সংবাদ প্রকাশিত হয়েছে। তবে স্থানীয়দের দাবি, স্থায়ী সমাধানে এখনো কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয়।

এবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!