পাবনার ঈশ্বরদীতে ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তনগর একতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকা-উত্তরাঞ্চল রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে উভয় দিকের কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।
আজ সোমবার বিকেল পৌনে চারটার দিকে ঈশ্বরদী বাইপাস স্টেশনে প্রবেশের সময় ট্রেনটি লাইনচ্যুত হয়।
পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুন প্রথম আলোকে বলেন, ঈশ্বরদী বাইপাস স্টেশনে প্রবেশের সময় একতা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী (রিলিফ) ট্রেন প্রস্তুত করা হয়েছে। অল্প সময়ের মধ্যেই উদ্ধারকাজ শুরু হবে।
তিনি বলেন, লাইনচ্যুত বগি উদ্ধার করে রেললাইন সচল না হওয়া পর্যন্ত ঢাকা-উত্তরাঞ্চল রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে। ঘটনাস্থলে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা পৌঁছে লাইনচ্যুতির কারণ অনুসন্ধান করছেন।
তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ট্রেন চলাচল বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে। উদ্ধারকাজ শেষ হলে রেল চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে রেলওয়ে।
