লালপুর প্রতিনিধিঃ নাটোরের লালপুরে ২৪ঘন্টার ব্যবধানে তুহিন (৮) ও তুষার (৪) নামের দুই শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এঘটনার পর শিশুর পিতা মরজেম আলীর অসুস্থতাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
শনিবার (১৮ জুলাই২০২৬) বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া নতুনপাড়া গ্রামে এঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাযায়, ৮মাস পূর্বে তুলি বেগম ও মরজেম আলীর বিবাহ বিচ্ছেদ হয়। কিছু দিন পূর্বে পুনরায় তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। গত ১৩ জুলাই
পারিবারিক বিরোধের কারণে তুলি বেগম স্বামীর বাড়ি থেকে দুই সন্তানকে রেখে বিলমাড়িয়া এলাকায় তার বাবার বাড়িতে চলে যান। স্ত্রী বাবার বাড়িতে চলে গেলেও দুই ছেলে তুহিন ও তুষারকে নিয়ে বাড়িতে ছিলেন মরজেম আলী।
১৬ জুলাই রাতে বড় ছেলে তুহিন চিড়া ও কলা খেয়ে ঘুমিয়ে পড়েন, অন্য দিকে মরজেম আলী ছোট ছেলে তুষারকে সাথে করে আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েন। পরে রাত ৩টার দিকে বড় ছেলে তুহিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং বমি শুরু করে। দ্রুত তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তুহিনের লাশ বাড়িতে নিয়ে এসে সকাল ৯টার সময় চকসেরপাড়া কবরস্থানে দাফন করা হয় ।
এ ঘটনার রেশ কাটতে না কাটতেই একই দিন দুপুরে একই ধরনের উপসর্গ নিয়ে ছোট ছেলে তুষারও অসুস্থ হয়ে পড়ে। প্রথমে তাকে (তুষার) লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৮জুলাই ২০২৬) সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
ছোট ছেলে তুষারের লাশ বাড়িতে আনার পর শোকাহত পিতা মরজেম আলী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে নাটোর সদর হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করছেন মরজেম আলীর ভাতিজা শুভ।
এদিকে এঘটনায় নিহত দুই শিশুর মা তুলি বেগম শনিবার (১৮ জুলাই ২০২৬) দুপুরে লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।
নিহত দুই শিশুর নানা হাবিবুর রহমান অভিযোগ করে বলেন তার দুই নাতি তুহিন ও তুষারকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। এঘটনার সুস্থ তদন্ত দাবি করেন তিনি।
লালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, এঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং নিহত শিশু তুষারে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ময়না তদন্তের রিপোর্ট পেলে পরবর্তীতে ব্যবস্থাগ্রহণ করা হবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
