পাবনা জেলার সদর উপজেলার শালিগাড়িয়া বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। ০১ জুন রবিবার সহকারী পরিচালক মো: মাহমুদ হাসান রনি এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ভোক্তাদের ঠকিয়ে লাভবান হওয়ার নানা অনিয়ম ও প্রতারণামূলক কার্যক্রম উদ্ঘাটিত হয়।
অভিযানে দেখা যায়, নিয়ম ফুড প্রডাক্ট নামক একটি প্রতিষ্ঠান এসএমসি (সোশ্যাল মার্কেটিং কোম্পানি)-এর আদলে মোড়ক ব্যবহার করে বাজারজাত করছিল তাদের খাদ্যপণ্য, যা সাধারণ ভোক্তাদের বিভ্রান্ত করছিল। বিষয়টিকে প্রতারণামূলক বাণিজ্যচর্চা হিসেবে চিহ্নিত করে ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সংশ্লিষ্ট ভুয়া মোড়কে বিক্রিত পণ্যগুলো তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
একই অভিযানে, সোনাপট্টি এলাকার চৌধুরী ফার্মেসি-তে যথাযথ নিয়ম অনুসরণ না করে ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যায়। ফলে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৫ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে মোট ৩২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
এই অভিযানে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে পাবনা জেলা ব্যাটালিয়নের একটি চৌকস দল সহায়তা প্রদান করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে এবং ভোক্তাদের অধিকার রক্ষায় কোনো অনিয়ম বা প্রতারণাকে প্রশ্রয় দেওয়া হবে না।
