পাবনার ঈশ্বরদীর সাঁড়া ঘাট এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে অস্ত্র, গুলি, মাদকদ্রব্য, কঙ্কাল, নগদ অর্থ, মোবাইল ফোন এবং এক নারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোররাতে পরিচালিত সেনাবাহিনী অভিযানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়।
সূত্র জানায়, সাঁড়া ঘাটের একটি বাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধ কার্যকলাপ চলছিল বলে অভিযোগ ছিল। অভিযানে একটি বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি, বিপুল পরিমাণ মাদকদ্রব্য (ইয়াবা ও ফেনসিডিল), একটি মানব কঙ্কাল, চারটি মোবাইল ফোন, প্রায় এক লাখ টাকা নগদ অর্থ এবং সন্দেহভাজন এক নারীসহ তিনজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের নাম তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। তবে তারা স্থানীয় ও পার্শ্ববর্তী এলাকার সংঘবদ্ধ অপরাধচক্রের সদস্য বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী অভিযানের সময় সেনাবাহিনীর পাশাপাশি র্যাব ও পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঈশ্বরদী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় এবং সন্ত্রাস-চাঁদাবাজি অপতৎপরতা নির্মূলে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
