ঢাকাসোমবার , ২৫ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বাবা দিয়েছিলেন লালমনি এক্সপ্রেস, মেয়ে দিচ্ছেন চিলাহাটি এক্সপ্রেস

লালপুর (নাটোর) প্রতিনিধি:
মে ২৫, ২০২৬ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

নাটোরের লালপুর উপজেলাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আগামীকাল মঙ্গলবার (২৬ মে) থেকে উপজেলার ঐতিহ্যবাহী আজিমনগর রেলস্টেশনে আনুষ্ঠানিকভাবে যাত্রাবিরতি করবে আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস। এ খবরে পুরো লালপুরজুড়ে বইছে আনন্দের বন্যা, বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল মঙ্গলবার বিকেল ৫টায় ঢাকা থেকে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে যাত্রী হয়ে আজিমনগর রেলস্টেশনে পৌঁছাবেন। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানাবেন।

স্থানীয়রা জানান, লালপুরবাসীর কাছে এটি শুধুমাত্র একটি ট্রেনের স্টপেজ নয়, বরং আবেগ, ভালোবাসা ও ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা এক গর্বের অর্জন। কারণ, একসময় সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা ফজলুর রহমান পটল লালপুরবাসীর জন্য চালু করেছিলেন লালমনি এক্সপ্রেসের যাত্রাবিরতি। আর এবার তারই কন্যা প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল এনে দিলেন চিলাহাটি এক্সপ্রেসের স্টপেজ।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র এখন উচ্চারিত হচ্ছে আবেগঘন একটি বাক্য— “বাবা দিয়েছিলেন লালমনি এক্সপ্রেস, মেয়ে দিচ্ছেন চিলাহাটি এক্সপ্রেস।”

স্থানীয়দের মতে, আজিমনগর রেলস্টেশনে চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতি চালু হলে লালপুর উপজেলার যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হবে। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও রোগীদের যাতায়াতে আসবে স্বস্তি। সময় ও ভোগান্তি কমে যাবে অনেকাংশে।

ইতোমধ্যে চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতি উপলক্ষে নতুন সাজে সজ্জিত করা হয়েছে আজিমনগর রেলস্টেশন। স্টেশনজুড়ে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন ও নানা প্রস্তুতিমূলক কাজ। পুরো এলাকায় এখন উৎসবের আমেজ বিরাজ করছে।

প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলের আগমন উপলক্ষে আজিমনগর রেলস্টেশন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. বরকতউল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) মো. আবির হোসেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রনজুসহ অনেকে।

গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম বলেন, প্রতিমন্ত্রীকে আজিমনগর রেলস্টেশন ভবনের সামনে উষ্ণ অভ্যর্থনা জানানো হবে। দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে জেনে এলাকাবাসী অনেক খুশি ও আনন্দিত।

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু বলেন, “বাবা সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত বিএনপি নেতা ফজলুর রহমান পটল দিয়েছিলেন লালমনি এক্সপ্রেসের স্টপেজ, আর মেয়ে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল দিচ্ছেন চিলাহাটি এক্সপ্রেসের স্টপেজ। পুরো লালপুরবাসী আজ আনন্দিত ও উল্লসিত।”

এটি শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং লালপুরবাসীর বহুদিনের স্বপ্নপূরণের এক ঐতিহাসিক মুহূর্ত। এখন পুরো উপজেলার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই মাহেন্দ্রক্ষণের জন্য।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!