ঢাকাবুধবার , ১০ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

আটঘরিয়ার গৃহবধূকে ঢাকায় নেওয়ার পর ৭ দিন ধরে নিখোঁজ, স্বামীর ভূমিকা নিয়ে পরিবারের সন্দেহ

ফজলুর রহমান খান, আটঘরিয়া (পাবনা):
জুন ১০, ২০২৬ ৯:০২ পূর্বাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার আটঘরিয়া উপজেলার এক গৃহবধূকে ঢাকায় নিয়ে যাওয়ার পর গত সাত দিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ গৃহবধূর নাম সুমাইয়া আক্তার আলো (১৮)। এ ঘটনায় স্বামীর ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবার।

ঘটনার বিষয়ে সুমাইয়ার বাবা আলামিন পাবনা সদর থানা ও নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন। আলামিন আটঘরিয়া উপজেলার থানাপাড়া গ্রামের মৃত আব্দুল্লাহর ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে পারিবারিকভাবে সুমাইয়া আক্তার আলোর সঙ্গে পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের শালাইপুর গ্রামের সবুর আলীর ছেলে সোহাগ আলীর (২৮) বিয়ে হয়। সোহাগ আলী নারায়ণগঞ্জ ইপিজেডে চাকরি করতেন এবং ফতুল্লা থানার হাজীগঞ্জ এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পরিবারের দাবি, গত ২ জুন ২০২৬ তারিখে সোহাগ আলী তার স্ত্রী সুমাইয়াকে ঢাকায় নিয়ে যান। পরে ৫ জুন বাড়িতে ফিরে এসে তিনি জানান, ৩ জুন ফতুল্লার হাজীগঞ্জ এলাকা থেকে তার স্ত্রী নিখোঁজ হয়েছেন এবং এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

নিখোঁজের ঘটনায় পরিবার গভীর উদ্বেগ প্রকাশ করে বলছে, সুমাইয়া কোনো অজ্ঞাত স্থানে হারিয়ে যেতে পারেন অথবা কোনো চক্রের খপ্পরে পড়ে বিপদের মুখে পড়তে পারেন। তবে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সুমাইয়ার বাবা আলামিন বলেন, “বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও মেয়ের কোনো সন্ধান পাইনি। বাধ্য হয়ে থানায় অভিযোগ করেছি। আমার মেয়েকে দ্রুত খুঁজে বের করার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি।”

অভিযোগপত্রে স্থানীয় সাক্ষী হিসেবে আটঘরিয়া উপজেলার দেবত্তোর ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের সুমি খাতুনসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে পাবনা সদর থানা সূত্রে জানা গেছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিখোঁজ গৃহবধূর সন্ধান না মেলায় পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!