ঢাকাশনিবার , ৮ জুন ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বেনজীরের ‘কালো টাকা’ সাদা হবে কি না, জানালেন এনবিআর চেয়ারম্যান

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
জুন ৮, ২০২৪ ১১:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ১৫ শতাংশ কর দিলে তার অপ্রদর্শিত সম্পদ বৈধ হবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। আজ শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ১৫ শতাংশ কর দিয়ে অপ্রদর্শিত আয় বা কালো টাকা সাদা করার সুযোগ দিচ্ছে সরকার। এ নিয়ে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকরা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে প্রশ্ন করেন, সাবেক আইজিপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে। এ ক্ষেত্রে তিনি ১৫ শতাংশ কর দিলে তার অবৈধ সম্পদ বৈধ হয়ে যাবে কিনা?

জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, এটা তো ফৌজদারি প্রক্রিয়া বা আইনি প্রক্রিয়ার মধ্যে পড়ে গেছে। এ ধরনের প্রক্রিয়ায় কীভাবে বৈধ হয়ে যাবে। এটা তো আইনি প্রক্রিয়া।

অপ্রদর্শিত আয় বা কালো টাকা সাদা করার সুযোগ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের কাছে তথ্য ছিল বৈধ ব্যবসায়ীরা বেশি বেকায়দায় আছেন, অডিটজনিত কারণে তারা তাদের কিছু অ্যাসেট দেখাতে পারছেন না। সে জন্য আমরা প্রস্তাবটা করেছি।

বেনজীর আহমেদের বিষয়ে আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমান বলেন, সাবেক কর্মকর্তা নিয়ে আপনারা প্রশ্ন করেছেন, উনার বিচার হবে না এটা কেউ বলেননি। দুদক তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তার বিরুদ্ধে তথ্য সংগ্রহ না করে তাকে জেলে বা ফাঁসি দেব বিষয়টি এমন নয়, কারণ উনি তো এ দেশের মানুষ। বেনজীর বিদেশে আছেন, দুদকের কাছে সময় চেয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পরিকল্পনামন্ত্রী আবদুস সালাম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, স্থানীয় সরকার ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুসহ আরও অনেকে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!