লালপুর (নাটোর)প্রতিনিধি: ১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২০২৬ উপলক্ষে নাটোরের লালপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের উদ্যোগে হাসপাতালে ভর্তি রোগীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়। এ সময় চিকিৎসাধীন রোগীদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বিশেষ দিনে হাসপাতাল কর্তৃপক্ষের এমন উদ্যোগে রোগী ও স্বজনদের মধ্যে সন্তোষ দেখা যায়।
এদিকে, দিবসটি উপলক্ষে লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে প্রধান শিক্ষক খাজা শামীম মোহাম্মদ ইলিয়াস হোসেনের সভাপতিত্বে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার শিক্ষা নিয়ে আলোচনা করা হয়।
এছাড়াও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে উপজেলার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এসব মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও মানবতার বাণী নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
