বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে পাবনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় আব্দুল হামিদ সড়কের শহীদ চত্বর থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে কোর্ট মোড়, অনন্ত মোড়, মুজাহিদ ক্লাব হয়ে কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। এর আগে সকাল ৯টা থেকেই বিভিন্ন উপজেলা, থানা ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা শহীদ চত্বরে জমায়েত হতে থাকেন। তারা আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ব্যানার-প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মণ্ডল। তিনি বলেন, “দেশের বিভিন্ন নেতাকর্মী রাজনৈতিক মামলায় মুক্তি পেলেও আমাদের নেতা আজহারুল ইসলাম এখনো মুক্তি পাননি, যা অত্যন্ত দুঃখজনক। আমরা আইন অনুযায়ী তার মুক্তি দাবি করছি। অন্যথায় দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে।”
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফ্ফার খান, নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান, প্রিন্সিপাল হাফেজ মাওলানা মো. ইকবাল হোসাইন, সাবেক আমীর মাওলানা আব্দুর রহিম, বগুড়া অঞ্চল পরিচালক টিমের সদস্য নজরুল ইসলাম, বেড়া উপজেলা জামায়াতের সাবেক আমীর আব্দুল বাছেত খান, পাবনা পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল লতিফ, সদর আমীর আব্দুর রবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয় বলে জানিয়েছেন আয়োজকরা।
